একদিকে হড়পা বান, অন্যদিকে ভূমিধস—প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত কেরল। রবিবার মালাপ্পুরম ও ইডুক্কি জেলায় পৃথক ঘটনায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন।
মালাপ্পুরমের কোট্টাপুঝা নদীতে রবিবার বিকেলে আচমকাই হড়পা বান আসে। উলারভাট্টম ক্যানাল থেকে টিকে কলোনি পর্যন্ত নদীর তীরবর্তী এলাকা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। ছুটির দিন হওয়ায় ওই এলাকায় ভিড়ও ছিল যথেষ্ট। আচমকা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় প্রায় ২৭ জন আটকে পড়েন। তাঁদের মধ্যে ৯ জন জলের স্রোতে ভেসে যান বলে জানা গিয়েছে।
স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারীদের তৎপরতায় বহু মানুষকে নিরাপদে উদ্ধার করা হয়। পরে নদী থেকে দু’জনের দেহ উদ্ধার হয়েছে। স্থানীয়দের দাবি, ওই এলাকায় তেমন বৃষ্টি না হলেও উজানের জঙ্গলে প্রবল বৃষ্টির কারণে নদীর জলস্তর আচমকাই বেড়ে যায়।
অন্যদিকে, ইডুক্কি জেলার কোট্টাকাম্বুরেও প্রবল বৃষ্টির জেরে ভূমিধসের ঘটনা ঘটে। বিকেলের দিকে নিজেদের রসুনের ক্ষেতে কাজ করছিলেন বালাকৃষ্ণন ও চিন্না নামে দুই ব্যক্তি। বৃষ্টি শুরু হওয়ায় তাঁরা একটি টিনের শেডে আশ্রয় নেন। আচমকাই সেই এলাকায় ধস নেমে শেডটি চাপা পড়ে যায়। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আরও একজন গুরুতর আহত হয়েছেন।
দুই দুর্ঘটনার খবর পেয়ে প্রশাসনের তরফে দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। পরিস্থিতি নিয়ে দুই জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ঘটনার বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, বিপজ্জনক এলাকাগুলি থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
হড়পা বান ও ভূমিধসের জেরে কেরলের একাধিক এলাকায় নতুন করে সতর্কতা জারি করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে প্রশাসন ও স্থানীয় উদ্ধারকারী দল।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.