দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় জুটি বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে নিয়ে অনুরাগীদের আগ্রহের শেষ নেই। পর্দার রসায়ন থেকে শুরু করে তাঁদের ব্যক্তিগত জীবন—সব কিছু নিয়েই চর্চা চলে সমাজমাধ্যমে। এবার এক খুদেকে আদর করার ভিডিয়ো ঘিরে নতুন করে আলোচনায় অভিনেত্রী রশ্মিকা। শিশুটির মুখে আবার ছিল বিজয় দেবরকোন্ডার আসন্ন ছবি ‘রণবলী’-র চরিত্রের মতো ছোট্ট গোঁফ! সেই দৃশ্য দেখে মুগ্ধ নেটিজেনরা।
সম্প্রতি হায়দরাবাদে নতুন ছবি ‘রণবলী’-র প্রচারে গিয়ে অনুরাগীদের সঙ্গে দেখা করেন রশ্মিকা মন্দানা। সেই সময়ের একাধিক ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার মধ্যেই একটি ভিডিয়ো বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের। ভিডিয়োয় দেখা যাচ্ছে, হালকা বেগনি রঙের সালোয়ার-কামিজ পরে রয়েছেন অভিনেত্রী। তাঁর কোলে রয়েছে একটি ছোট্ট শিশু। খুদের নাকের নীচে আঁকা রয়েছে বিজয় দেবরকোন্ডার ‘রণবলী’ ছবির চরিত্রের আদলে গোঁফ। শিশুটিকে দেখেই আনন্দে আপ্লুত হয়ে পড়েন রশ্মিকা। স্নেহভরে তাকে আদর করার পাশাপাশি বারবার বলতে থাকেন, ‘কী মিষ্টি!’
ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই রশ্মিকার ব্যবহার নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনুরাগীরা। তাঁদের মতে, জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেও অভিনেত্রীর মধ্যে শিশুসুলভ উচ্ছ্বাস ও আন্তরিকতা রয়েছে। এক অনুরাগী মন্তব্য করেছেন, রশ্মিকা অত্যন্ত সুন্দরী এবং এত বড় তারকা হয়েও তাঁর মধ্যে কোনও অহঙ্কার নেই। অন্য এক নেটিজেনের মন্তব্য, ‘এ যেন রশ্মিকার ভবিষ্যতের ঝলক! মা হিসাবে ও খুব মিষ্টি হবে।’ শিশুটির মুখে বিজয়ের চরিত্রের আদলে গোঁফ দেখে অনেকে আবার তাকে ছোট্ট ‘রণবলী’ বলেও অভিহিত করেছেন।
এদিকে, বিজয় ও রশ্মিকার ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের কৌতূহল অব্যাহত। মঙ্গলবার ভোরে দু’জনে একসঙ্গে তিরুমালা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেখানে প্রিয় তারকাদের এক ঝলক দেখার জন্য ভিড় জমান অনুরাগীরা। ভিড়ের মধ্যে রশ্মিকাকে আগলে রাখতে দেখা যায় বিজয়কে। সেই দৃশ্যও নজর কেড়েছে অনুরাগীদের।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে উদয়পুরে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। পরে হায়দরাবাদে আয়োজন করা হয়েছিল তাঁদের প্রীতিভোজের অনুষ্ঠান।
মুক্তির অপেক্ষায় ‘রণবলী’
ব্যক্তিগত জীবনের পাশাপাশি বর্তমানে নিজেদের নতুন ছবি ‘রণবলী’-র প্রচার নিয়েও ব্যস্ত বিজয় ও রশ্মিকা। আগামী ১৬ অক্টোবর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। তেলুগু, তামিল, হিন্দি, মালয়ালম ও কন্নড়—এই পাঁচটি ভাষায় ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবি মুক্তির আগে প্রচার ঘিরে দুই তারকাকে নিয়ে অনুরাগীদের উন্মাদনাও ক্রমশ বাড়ছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.