টেলিভিশনের পর্দায় আপাতত দেখা যাচ্ছে না অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে। জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’ শেষ হওয়ার পর থেকে অভিনয় থেকে কিছুটা বিরতিতে রয়েছেন তিনি। তবে কাজের বাইরে ব্যক্তিগত জীবন এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর উপস্থিতি নজর কাড়ছে অনুরাগীদের। সম্প্রতি অভিনেত্রী লাবণী ভট্টাচার্যের সঙ্গে এক ঘরোয়া আড্ডায় হাজির হয়েছিলেন শ্বেতা ও তাঁর স্বামী অভিনেতা রুবেল দাস। সেখানেই তাঁদের সন্তান নিয়ে মজার কথোপকথন এখন চর্চায়।
দীর্ঘ ১৪ বছর পর ফের একসঙ্গে দেখা গেল শ্বেতা ও লাবণীকে। একসময় ‘ভালোবাসা ডট কম’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। পুরনো দিনের স্মৃতিচারণের পাশাপাশি আড্ডায় উঠে আসে ব্যক্তিগত জীবনের নানা প্রসঙ্গ। বর্তমানে লাবণী এক সন্তানের মা। তাঁর মেয়ে অশ্লেষাকে নিয়েই বেশ ব্যস্ত অভিনেত্রী। কথায় কথায় শ্বেতার কাছে জানতে চান, অশ্লেষার ভাই কিংবা বোন কবে আসছে?
লাবণীর এমন প্রশ্নে স্বাভাবিকভাবেই আড্ডায় হাসির পরিবেশ তৈরি হয়। মজার ছলে পিছনে বসে থাকা রুবেলকে দেখিয়ে তিনি জানতে চান, পরিবারে নতুন অতিথি আনার বিষয়ে তাঁদের পরিকল্পনা কী? স্ত্রীর দিকে ইঙ্গিত করে রুবেল হাসতে হাসতে বলেন, ‘সেটা তো একা আমার দ্বারা সম্ভব নয়, শ্বেতা দিদি যদি একটু সহযোগিতা করেন!’
স্বামীর মুখে এমন মন্তব্য শুনে হাসি থামাতে পারেননি শ্বেতা ও লাবণী। তবে রুবেলের কথার পাল্টা জবাব দিতেও দেরি করেননি অভিনেত্রী। মজার ছলেই শ্বেতা বলেন, ‘আমি কোনও হেল্পিং ডিপার্টমেন্টে নেই! আমি কাউকে কোনও সহযোগিতা করছি না আজকাল। আমার অভিধানে সহযোগিতা বলে কোনও শব্দই নেই!’
শ্বেতা ও রুবেলের এই মিষ্টি খুনসুটির মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে হাসির রোল উঠেছে। তারকা দম্পতির এমন স্বতঃস্ফূর্ত কথাবার্তা বেশ উপভোগ করছেন নেটিজেনরা। যদিও কবে তাঁদের পরিবারে নতুন সদস্য আসবে, সে বিষয়ে কোনও নির্দিষ্ট পরিকল্পনার কথা জানাননি তাঁরা।
উল্লেখ্য, ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকের সেটে কাজ করতে গিয়েই প্রেমের সম্পর্ক আরও গভীর হয় শ্বেতা ও রুবেলের। যদিও তাঁদের পরিচয় হয়েছিল কৈশোরে, নাচের ক্লাসে। দীর্ঘ প্রেমের সম্পর্কের পর ২০২৪ সালের জানুয়ারি মাসে বৈদিক রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন দুজনে। বিয়ের পর থেকে একে অপরের সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এই তারকা জুটি।


Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.