বিগ বস বাংলার ঘরে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন নতুন সমীকরণ। কখনও বন্ধুত্ব, কখনও মনোমালিন্য, আবার কখনও সম্পর্কের টানাপোড়েন—সব মিলিয়ে জমে উঠেছে প্রতিযোগিতা। তবে এবারের চর্চার কেন্দ্রে রয়েছেন রাজবীর দে এবং নন্দিনী দত্ত। সিক্রেট রুম থেকে নন্দিনী ফিরে আসতেই তাঁদের সম্পর্কের সমীকরণে দেখা দিয়েছে নতুন জটিলতা। প্রেমিকাকে ফিরে পেয়েও কি খুশি নন রাজবীর? তাঁর সাম্প্রতিক মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর আলোচনা।
নন্দিনী বিগ বসের ঘরে না থাকায় রাজবীরকে অনেকটাই অন্য মেজাজে দেখা গিয়েছিল। বাড়ির অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে হাসি-আড্ডায় মেতে থাকতে দেখা যায় তাঁকে। এমনকী, তাঁর এই পরিবর্তন নজর এড়ায়নি সহ-প্রতিযোগীদেরও।
তনুশ্রী রায় দাসের দাবি, রাজবীর ও নন্দিনীর সম্পর্কের মধ্যে গেমের প্রভাব রয়েছে। অন্যদিকে, সৌরভ দাসও জানিয়েছেন, নন্দিনী না থাকায় রাজবীর অনেকটা স্বচ্ছন্দে নিজের খেলা খেলতে পারছিলেন। সৌরভের কথায়, রাজবীর নিজেই তাঁকে জানিয়েছিলেন, নন্দিনী রেগে যান বলে তিনি অন্যদের সঙ্গে ঠিকমতো কথা বলতে পারতেন না।
কিন্তু নন্দিনী ঘরে ফিরতেই পরিস্থিতি আবার বদলে যায়। অভিযোগ, রাজবীর অন্য মহিলা প্রতিযোগীদের প্রশংসা করায় দুজনের মধ্যে শুরু হয় তুমুল বচসা। রাজবীর নিজের অবস্থান বোঝানোর চেষ্টা করলেও নন্দিনীর রাগ কমেনি। এমনকী, প্রেমিককে কাছে ঘেঁষতেও দেননি তিনি।
পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, রাগের মাথায় রাজবীর বলে বসেন, তিনি নন্দিনী না থাকায় অনেক শান্তিতে ছিলেন। তাঁর কথায়, নন্দিনী ফিরে এসে আবার তাঁর মাথা খারাপ করে দিয়েছেন। রাজবীরের এই মন্তব্যের পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি তাঁদের প্রেমের সম্পর্কে সত্যিই চিড় ধরেছে?
অন্যদিকে, বিগ বসের ঘরে ফিরে নন্দিনী পেয়েছেন তিনটি বিশেষ ক্ষমতা। আর সেই ক্ষমতা ব্যবহার করেই একের পর এক চমক দিয়েছেন তিনি। প্রথম ক্ষমতা প্রয়োগ করে জিতু কমল, সৃজলা গুহ এবং নিরঞ্জন মণ্ডলের নেতিবাচক দিকগুলি সবার সামনে তুলে ধরেন নন্দিনী। দ্বিতীয় ক্ষমতার মাধ্যমে বেছে নেন বাড়ির পরবর্তী ক্যাপ্টেন। ভোটাভুটিতে জিতু ও সৃজলা ছাড়া বাকি প্রতিযোগীদের সমর্থন পেয়ে নতুন ক্যাপ্টেন নির্বাচিত হন সৌরভ দাস।
তবে নন্দিনীর তৃতীয় সিদ্ধান্ত ঘিরেই সবচেয়ে বেশি চর্চা শুরু হয়েছে। নিজের একসময়ের ঘনিষ্ঠ বন্ধু মনামী ঘোষকে সরাসরি নমিনেট করেন তিনি। শুধু তাই নয়, মনামীকে ‘বিশ্বাসঘাতক’ বলেও আক্রমণ করেন নন্দিনী। তাঁর অভিযোগ, মনামী নাকি শুধুমাত্র ক্যামেরার সামনে ফুটেজ পাওয়ার জন্য রাজবীরের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখতেন। নন্দিনীর ফিরে আসার পর মনামীর প্রতিক্রিয়াও তাঁর পছন্দ হয়নি। তাঁর মতে, মনামী খুশি হওয়ার অভিনয় করেছেন মাত্র।
নন্দিনীর অভিযোগের পর চুপ থাকেননি মনামী ঘোষও। পাল্টা জবাবে তিনি জানান, কোনও প্রতিযোগী একবার ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আবার ফিরে এলে খেলার সমীকরণ অনেকটাই কঠিন হয়ে যায়। তাই নন্দিনীর প্রত্যাবর্তনে তাঁর প্রতিক্রিয়া স্বাভাবিক। এমনকী, মনামী স্পষ্ট জানিয়ে দেন, বাড়ির বাইরে থাকলে তিনি নন্দিনীর থেকে সাত-দশ হাত দূরত্ব বজায় রাখতেন। কারণ, তাঁর মতে, নন্দিনীর মধ্যে নেতিবাচক মনোভাব অনেক বেশি।
সব মিলিয়ে নন্দিনীর প্রত্যাবর্তনের পর বিগ বস বাংলার ঘরে একদিকে রাজবীর-নন্দিনীর সম্পর্কে টানাপোড়েন, অন্যদিকে মনামী ও নন্দিনীর বন্ধুত্বে ভাঙন—দুই বিষয়ই এখন আলোচনার কেন্দ্রে। আগামী দিনে এই সম্পর্কের সমীকরণ কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা।


Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.