উত্তরাখণ্ডে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। হৃষীকেশ-বদরীনাথ হাইওয়েতে একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে প্রায় ১০০ মিটার নীচে নদীখাতে গিয়ে পড়ল। মঙ্গলবার ভোরে টিহরী গঢ়বাল জেলার গুলার বাজারের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক খবর অনুযায়ী, দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েক জন।
পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। পাহাড়ি রাস্তা ধরে যাওয়ার সময়ে গুলার বাজারের কাছে একটি সেতু পার করার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। মুহূর্তের মধ্যে সেতু থেকে ছিটকে প্রায় ১০০ মিটার নীচে নদীর ধারে গিয়ে পড়ে সেটি। দুর্ঘটনার অভিঘাতে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার খবর পেয়েই দ্রুত উদ্ধারকাজ শুরু করে স্থানীয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। দুর্ঘটনাস্থলে পৌঁছোন টিহরী গঢ়বালের জেলাশাসক নিতিকা খন্ডেলবল এবং সিনিয়র পুলিশ সুপার শ্বেতা চৌবে-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। স্থানীয় সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নদীখাতে পড়ে থাকা বাস থেকে বাকি যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, সোমবার রাতেও উত্তরাখণ্ডে আরও একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছিল। রুদ্রপ্রয়াগ জেলায় পোখারি থেকে রানসির দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকার গাড়ি গভীর খাদে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ছ’জনের মৃত্যু হয়। আহত হন আরও কয়েক জন।
পরপর দু’দিনে একাধিক দুর্ঘটনায় উত্তরাখণ্ডের পাহাড়ি সড়কে যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.
