‘বিগ বস বাংলা’-র ঘরে জীতু কমল ও সৃজলা গুহর সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শুরু থেকেই একে অপরের পাশে থাকতে দেখা গিয়েছে এই দুই প্রতিযোগীকে। বিশেষ করে সৃজলার প্রতি জীতুর ভালো লাগা ও ভালোবাসার কথা একাধিকবার প্রকাশ্যে এসেছে। তবে সৃজলা কখনও সরাসরি সেই অনুভূতির জবাব দেননি। এবার শুক্রবার সম্প্রচারিত পর্বে তাঁদের কথোপকথন ঘিরে তৈরি হয়েছে নতুন রহস্য।
পর্বের একটি দৃশ্যে রাত সাড়ে ৩টে নাগাদ পাউডার রুমের সোফায় একা বসে থাকতে দেখা যায় সৃজলাকে। সেই সময় তাঁকে নিজের মনেই বলতে শোনা যায়, “এইরকম হয়? এইরকম হয়? এইভাবে ভালোবাসা… এতটা ভালোবাসা!” তাঁর এই কথার পরেই বাথরুম থেকে বেরিয়ে আসেন জীতু।
এরপর ভোর পাঁচটার ফুটেজে দেখা যায়, জীতু ও সৃজলা দু’জনেই গার্ডেন এরিয়ায় উপস্থিত হয়েছেন। সেখানে টাস্কের জন্য কেটে রাখা সৃজলার চুলের একটি অংশ তাঁর হাতে তুলে দেন জীতু। সেই সঙ্গে বলেন, “এই নাও তোমার জিনিস। এটা নিয়ে আমাদের মধ্যে কোনওদিন কোনও কথা হয়নি, হবেও না। চিন্তা কোরো না। অভিশাপ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে। সবকিছু ভালো, কিন্তু একটা জুটি ভালো আছে, তাদেরকে ভাঙা কখনও না, কখনও না।”
শুধু তাই নয়, সৃজলাকে ঘুমিয়ে পড়ার পরামর্শও দেন জীতু। তাঁর কথায়, আর মাত্র ১৬ দিন বাকি। বাকি সময়টা তিনি নিজেই সামলে নেবেন। জীতু আরও জানান, তিনি ফিল্মি মানুষ এবং অন্যভাবে, অন্য পৃথিবীর কথা ভাবেন। কিন্তু সবকিছু যে তাঁর কল্পনার মতো হবে, এমনটা নয়।
উল্লেখযোগ্য বিষয় হল, এতক্ষণ জীতু নিজের মনের কথা বলে গেলেও সৃজলাকে কোনও জবাব দিতে দেখা যায়নি। ফলে তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে দর্শকদের মনে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।

এর আগেও জীতু জানিয়েছিলেন, বিগ বসের বাড়ির বাইরে সৃজলার একটি সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক নষ্ট করতে চান না তিনি। তাহলে কি এবার সত্যিই সৃজলার থেকে দূরত্ব তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন জীতু? তাঁদের সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে এগোয়, তা জানতে নজর রাখতে হবে ‘বিগ বস বাংলা’-র আগামী পর্বগুলিতে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.