‘তুমি কি সবকিছুর ঊর্ধ্বে?’ জীতুকে সৌরভের কড়া প্রশ্ন, রাজবীরকেও করলেন সতর্ক

বিগ বস বাংলার (Bigg Boss Bangla) ঘরে প্রতি শনিবার বসে ‘দাদার দরবার’। আর সেই বিশেষ পর্বেই প্রতিযোগীদের সারা সপ্তাহের কাজের হিসেব নেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তবে এবারের শনিবারের পর্বে পরিস্থিতি ছিল বেশ উত্তপ্ত। রাজবীর দে (Rajveer Dey) এবং জীতু কমলকে (Jeetu Kamal) একাধিক বিষয়ে কড়া ভাষায় সতর্ক করলেন মহারাজ। রাজবীরের একটি মন্তব্যে তো রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি।

শনিবারের পর্বে নিজের ধারাবাহিক ‘পরশুরাম: আজকের নায়ক’-এর প্রচারে বিগ বসের ঘরে হাজির হয়েছিলেন অভিনেত্রী তৃণা সাহা। প্রতিযোগীদের সঙ্গে একটি মজার খেলাতেও অংশ নেন তিনি। সেই খেলায় বাড়ির সদস্যরা সৃজলাকে ‘ভিক্টিম কার্ড’ এবং জীতু কমলকে ‘ভিলেন’ তকমা দেন। রাজবীরও জীতুকে ভিলেন হিসেবে বেছে নেন।

এরপরই বিষয়টি নিয়ে রাজবীর ও জীতুর সঙ্গে কথা বলেন সৌরভ। দাদা মনে করিয়ে দেন, একসময় রাজবীরের জন্যই খেলায় সক্রিয় ভূমিকা নিয়েছিলেন জীতু। কিন্তু রাজবীর সেই দাবি অস্বীকার করে জানান, তিনি কখনও জীতুকে নিজের হয়ে খেলতে বলেননি। সৌরভ পাল্টা জানান, শোয়ের সমস্ত ঘটনা তাঁর নজরে রয়েছে। বাড়ি থেকে বেরিয়ে পর্বগুলি ভালো করে দেখে নেওয়ার পরামর্শও দেন রাজবীরকে।

কিন্তু এরপরই রাজবীর এমন একটি মন্তব্য করেন, যা শুনে মেজাজ হারান সৌরভ। রাজবীরের বক্তব্য, শোয়ে অনেক কিছুই হয়তো কাটছাঁট করা হয়। সেই কারণে দর্শক তাঁর সমস্ত কথা কিংবা আচরণ দেখতে পান না। এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন সৌরভ। তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিগ বসের ঘরে কোনও কিছুই এভাবে বাদ দেওয়া হয় না। এমনকী রাজবীরের এই শোয়ে আসাই উচিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে এডিটিং নিয়ে আর কোনও প্রশ্ন না তোলার জন্যও কড়া সতর্কবার্তা দেন মহারাজ।

অন্যদিকে, জীতু কমলকেও এদিন রীতিমতো প্রশ্নের মুখে পড়তে হয়। খেলায় জেতা ‘টিকিট টু ফিনালে’ ফিরিয়ে দিতে চেয়েছিলেন অভিনেতা। তাঁর এই সিদ্ধান্তের কারণ জানতে চান সৌরভ। জীতুর কাছে জানতে চান, এই টিকিটের কি তাঁর কাছে কোনও মূল্য নেই? নিজের অভিনয় জীবনে পাওয়া কোনও পুরস্কারও কি তিনি এভাবে ফিরিয়ে দিয়েছেন?

উত্তরে জীতু জানান, অন্য কেউ বেশি যোগ্য বলে মনে হওয়ায় তিনি অতীতে দু’বার পুরস্কার ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু তাঁর এই যুক্তি মানতে নারাজ সৌরভ। পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, সবকিছুর ঊর্ধ্বে কি জীতু? অস্ট্রেলিয়া ভালো খেলেছে বলে ভারত কখনও ট্রফি ফিরিয়ে দিয়েছে কি না, সেই উদাহরণও তুলে ধরেন তিনি। দাদার এমন যুক্তির পর কার্যত চুপ হয়ে যান জীতু।

এদিন শুধু রাজবীর ও জীতুই নন, সৌরভের কাছে বকুনি শুনতে হয় নিরঞ্জন এবং তনুশ্রীকেও। জীতু ও সৃজলাকে নিয়ে গসিপ করে হাসাহাসি করার জন্য নিরঞ্জনকে সতর্ক করেন দাদা। অন্যদিকে, পরের দিন একই প্রসঙ্গ তুলে সৃজলাকে রাগিয়ে দেওয়ার জন্য তনুশ্রীকেও কড়া কথা শুনতে হয়। যদিও পরে নিজের ভুল স্বীকার করে নেন তিনি।

‘বাংলা পরিচয় নিয়ে গর্ব করার মতো ছবি সাধক বামাক্ষ্যাপা’, সব্যসাচীর অভিনয়ে মুগ্ধ সৃজিত
‘বাংলা পরিচয় নিয়ে গর্ব করার মতো ছবি সাধক বামাক্ষ্যাপা’, সব্যসাচীর অভিনয়ে মুগ্ধ সৃজিত

সব মিলিয়ে এবারের ‘দাদার দরবার’ ছিল উত্তেজনা, বিতর্ক এবং একের পর এক অস্বস্তিকর মুহূর্তে ভরা। রাজবীরের সঙ্গে সৌরভের বাদানুবাদ এবং জীতুকে দেওয়া দাদার কড়া বার্তা নিয়ে ইতিমধ্যেই সমাজমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। দর্শকদের একাংশ রাজবীরের বক্তব্যকে সমর্থন করলেও, অন্যদের মতে, তাঁর মন্তব্যে শোয়ের নিয়ম ও ব্যবস্থাকেই প্রশ্নের মুখে দাঁড় করানো হয়েছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক