Lifestyle: সর্দি-জ্বরে শিশুকে নিজে থেকেই ওষুধ খাওয়াচ্ছেন? ১০ বছরের নীচে এই ৬ ধরনের ওষুধ হতে পারে বিপজ্জনক!

Lifestyle: শিশুর জ্বর, সর্দি-কাশি কিংবা পেটের সমস্যা হলেই অনেক অভিভাবক বাড়িতে থাকা ওষুধ খাইয়ে দেন। কখনও বড়দের ওষুধের অর্ধেক ডোজ়, আবার কখনও চিকিৎসকের পরামর্শ ছাড়াই কাশির সিরাপ বা অ্যান্টিবায়োটিক দেওয়া হয় শিশুদের। কিন্তু এই অভ্যাস যে মারাত্মক বিপদ ডেকে আনতে পারে, তা জানাচ্ছেন চিকিৎসকেরা। কারণ, বড়দের জন্য নিরাপদ এমন অনেক ওষুধই শিশুদের শরীরে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করতে পারে।
বিশেষ করে ১০ বছরের নীচে শিশুদের ক্ষেত্রে ওষুধের ডোজ় নির্ধারণ করতে হয় বয়স, ওজন এবং শারীরিক অবস্থা বিবেচনা করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এবং ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স (আইএপি)-এর নির্দেশিকাতেও শিশুদের ওষুধ ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতার কথা বলা হয়েছে। অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক কিংবা কাশির সিরাপ ব্যবহারের বিষয়েও সতর্ক করা হয়। তাই জেনে নিন, কোন ৬ ধরনের ওষুধ শিশুদের ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে।

১. অ্যাসপিরিন
জ্বর কমানোর জন্য অনেকেই অ্যাসপিরিন ব্যবহার করেন। কিন্তু শিশুদের ক্ষেত্রে এই ওষুধ মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। বিশেষ করে ভাইরাল জ্বর, ফ্লু কিংবা চিকেনপক্সে আক্রান্ত শিশুদের অ্যাসপিরিন দেওয়া উচিত নয়। চিকিৎসকদের মতে, এই ওষুধের কারণে রেয়ের সিনড্রোম (Reye’s Syndrome) নামক বিরল কিন্তু গুরুতর সমস্যা দেখা দিতে পারে। এর ফলে শিশুর মস্তিষ্ক ও লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। জ্বর কমানোর জন্য প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল দেওয়া যেতে পারে।

২. ব্যথানাশক ওষুধ
বড়দের ব্যথা কমানোর জন্য ব্যবহৃত সব ওষুধ শিশুদের জন্য নিরাপদ নয়। বিশেষ করে চিকিৎসকের পরামর্শ ছাড়া বড়দের ব্যথানাশক ট্যাবলেট শিশুদের খাওয়ানো বিপজ্জনক হতে পারে। ভুল ওষুধ কিংবা অতিরিক্ত ডোজ়ের কারণে পেট, কিডনি ও লিভারের সমস্যা দেখা দিতে পারে। তাই শিশুর জ্বর বা শরীরের ব্যথা হলে নিজের সিদ্ধান্তে কোনও ব্যথানাশক না দিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

৩. কাশির সিরাপ
শিশুর সর্দি-কাশি হলেই অনেক অভিভাবক কাশির সিরাপ কিনে খাওয়ান। কিন্তু সব ধরনের কাশির ওষুধ শিশুদের জন্য উপযুক্ত নয়। বিশেষ করে ছোটদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া কাশির সিরাপ ব্যবহার করা উচিত নয়। কিছু কাশির ওষুধে ডাইইথিলিন গ্লাইকল (DEG) এবং ইথিলিন গ্লাইকল (EG)-এর মতো বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। শরীরে এই রাসায়নিক প্রবেশ করলে কিডনি বিকল হওয়া-সহ লিভার ও হৃদ্‌যন্ত্রের ক্ষতি হতে পারে। তাই কাশির সমস্যা দীর্ঘস্থায়ী হলে নিজে থেকে সিরাপ না খাইয়ে শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

৪. ওজন কমানোর ওষুধ
বর্তমানে স্থূলত্ব ও ডায়াবিটিসের চিকিৎসায় জিএলপি-১ গোত্রের ওষুধের ব্যবহার নিয়ে আলোচনা বাড়ছে। ওজ়েম্পিক, ওয়েগোভি কিংবা মাউনজ়েরোর মতো ওষুধও এই প্রসঙ্গে পরিচিত। তবে বড়দের ওজন কমানোর জন্য ব্যবহৃত এই ধরনের ওষুধ শিশুদের নিজে থেকে দেওয়া একেবারেই উচিত নয়। শিশুদের স্থূলত্বের সমস্যা থাকলেও চিকিৎসকের পরামর্শ ছাড়া এ ধরনের ওষুধ ব্যবহার করা বিপজ্জনক হতে পারে। শিশুর বয়স, ওজন এবং শারীরিক পরিস্থিতি বিচার করেই চিকিৎসক প্রয়োজনীয় চিকিৎসা নির্ধারণ করবেন।

৫. বমি ও অ্যালার্জির ওষুধ
বমি কিংবা অ্যালার্জির সমস্যা হলে অনেক সময় বাড়িতে থাকা ওষুধ শিশুদের খাইয়ে দেওয়া হয়। কিন্তু প্রোমেথাজ়িন জাতীয় ওষুধ ছোটদের ক্ষেত্রে বিশেষ বিপজ্জনক হতে পারে। বিশেষ করে ৬ বছরের নীচে শিশুদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহারে শ্বাসপ্রশ্বাসের সমস্যা, অতিরিক্ত ঘুম এবং স্নায়ুতন্ত্রের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। গুরুতর ক্ষেত্রে খিঁচুনি-সহ অন্যান্য জটিলতাও দেখা দিতে পারে। তাই বমি বা অ্যালার্জি হলেই নিজের সিদ্ধান্তে এই ধরনের ওষুধ খাওয়ানো উচিত নয়।

৬. অ্যান্টিবায়োটিক
শিশুর জ্বর, সর্দি-কাশি হলেই অনেক অভিভাবক অ্যান্টিবায়োটিক খাওয়ানোর কথা ভাবেন। কেউ কেউ আবার বাড়িতে থাকা বড়দের অ্যান্টিবায়োটিক ট্যাবলেট ভেঙে বা গুঁড়ো করে শিশুদের দিয়ে দেন। চিকিৎসকদের মতে, এই অভ্যাস অত্যন্ত বিপজ্জনক। কারণ সব জ্বর বা সর্দি-কাশি ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে হয় না। ভাইরাসজনিত অসুখে অ্যান্টিবায়োটিক সাধারণত কার্যকর নয়। তা ছাড়া টেট্রাসাইক্লিন গোত্রের কিছু অ্যান্টিবায়োটিক শিশুদের দাঁত ও হাড়ের বিকাশে বিরূপ প্রভাব ফেলতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত নয়।

শিশুকে ওষুধ দেওয়ার আগে কোন বিষয়গুলি মাথায় রাখবেন?
শিশুদের ক্ষেত্রে সামান্য অসতর্কতাও বড় বিপদ ডেকে আনতে পারে। তাই কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখা জরুরি।

* বড়দের ওষুধ কখনও নিজের সিদ্ধান্তে শিশুদের দেবেন না।
* শিশুর বয়স ও ওজন অনুযায়ী চিকিৎসকের নির্ধারিত ডোজ় মেনে চলুন।
* চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বা কাশির সিরাপ ব্যবহার করবেন না।
* পুরনো প্রেসক্রিপশন দেখে নতুন করে ওষুধ খাওয়াবেন না।
* একই উপাদান রয়েছে এমন একাধিক ওষুধ একসঙ্গে দেবেন না।

মনে রাখবেন: শিশুর জ্বর, সর্দি-কাশি বা অন্য কোনও শারীরিক সমস্যা হলে নিজে থেকে ওষুধ না দিয়ে শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ। ওষুধের ভুল ডোজ় কিংবা ভুল নির্বাচন শিশুর স্বাস্থ্যের জন্য গুরুতর বিপদ তৈরি করতে পারে।

Lifestylee: খিদে কমে যাওয়া, গাঁটে গাঁটে ব্যথা, শরীরে কালশিটের দাগ! ছোটদেরও হতে পারে বিরল রোগ পলিআর্টেরাইটিস নোডোসা

স্বাস্থ্যসংক্রান্ত সতর্কতা: এই প্রতিবেদনটি সাধারণ সচেতনতার জন্য। সব ওষুধের ক্ষেত্রে বয়সসীমা ও ঝুঁকি এক নয়। শিশুর চিকিৎসায় সর্বদা চিকিৎসকের পরামর্শ অনুসরণ করুন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক