ছোটপর্দার অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলা সম্প্রতি তাঁর ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। স্বামী তথা অভিনেতা গৌরব খন্নার সঙ্গে বৈবাহিক সম্পর্ক ভেঙে যাওয়ার কথা প্রকাশ্যে জানানোর পর এবার একটি রিয়্যালিটি শো-কে ঘিরে তাঁর যৌন অভিরুচি নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে অভিনেত্রী নিজে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।
সম্প্রতি রিয়্যালিটি শো ‘লক আপ ২’-এর একটি আলোচিত ভিডিও সামনে আসে। সেখানে প্রতিযোগী শ্রেয়া কালরা ও সুফি মোতিওয়ালার কথোপকথনে আকাঙ্ক্ষাকে নিয়ে এক ব্যক্তিগত দাবি করা হয়। ভিডিওতে দেখা যায়, শ্রেয়া প্রথমে সুফিকে জিজ্ঞেস করেন, একটি ব্যক্তিগত তথ্য প্রকাশ করলে তাঁকে খারাপ মানুষ বলা হবে কি না। উত্তরে সুফি জানান, এটি একটি গেম শো হওয়ায় এমন ঘটনা অস্বাভাবিক নয়। এরপর শ্রেয়া দাবি করেন যে আকাঙ্ক্ষা উভকামী।
এই মন্তব্যের পর সুফি বিস্ময় প্রকাশ করেন। পাশাপাশি শ্রেয়া অনুরোধ করেন, বিষয়টি যেন আপাতত তাঁদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তবে শো-এর নিয়ম অনুযায়ী, কোনও প্রতিযোগীর ব্যক্তিগত গোপন তথ্য প্রকাশ্যে চলে এলে তার প্রভাব খেলার ওপরও পড়ে। সেই প্রসঙ্গেই শ্রেয়ার দাবি, এই তথ্য সামনে আসার ফলে আকাঙ্ক্ষা তাঁর তিনটি লাইফলাইনের মধ্যে দুটি হারিয়েছেন এবং বর্তমানে মাত্র একটি লাইফলাইন নিয়ে প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছেন। তবে শো-এর নির্মাতা সংস্থা কিংবা আকাঙ্ক্ষার পক্ষ থেকে এই দাবির সত্যতা নিয়ে এখনও কোনও মন্তব্য করা হয়নি।
এর আগেই একই শো-তে আকাঙ্ক্ষা নিজের বৈবাহিক জীবন নিয়ে খোলামেলা কথা বলেছিলেন। তিনি জানান, তাঁর এবং গৌরব খন্নার বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে এবং প্রায় এক বছর ধরে তাঁরা আলাদা থাকছেন। যদিও তাঁদের সম্পর্কের মধ্যে কোনও তিক্ততা নেই বলেই তিনি স্পষ্ট করেন।
আকাঙ্ক্ষার কথায়, তাঁদের মধ্যে এখনও স্বাভাবিক যোগাযোগ রয়েছে এবং একে অপরের প্রতি কোনও বিরূপ মনোভাব নেই। তবে ভবিষ্যৎ জীবন নিয়ে দুজনের ভাবনা আলাদা হওয়ায় সম্পর্কটি আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তাঁর মতে, একজন সঙ্গী হিসেবে তাঁরা একে অপরের জন্য উপযুক্ত নন, কারণ জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাঁদের মতের মিল ছিল না।
বিচ্ছেদের অন্যতম কারণ হিসেবে আকাঙ্ক্ষা সন্তান নেওয়ার বিষয়ে মতপার্থক্যের কথাও তুলে ধরেন। তিনি জানান, গৌরব ভবিষ্যতে পরিবার বড় করতে এবং সন্তান নিতে আগ্রহী ছিলেন। অন্যদিকে তিনি নিজে সন্তান ছাড়া জীবনযাপন করতে চান। এই ভিন্ন জীবনদর্শনের কারণেই দুজনের পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন প্রেম করার পর ২০১৬ সালে আকাঙ্ক্ষা চামোলা ও গৌরব খন্নার বিয়ে হয়। তাঁদের কোনও সন্তান নেই। বর্তমানে একদিকে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া, অন্যদিকে রিয়্যালিটি শো-কে ঘিরে ব্যক্তিগত পরিচয় নিয়ে তৈরি হওয়া বিতর্ক— দুই মিলিয়ে অভিনেত্রীকে নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.