অমিতাভ বচ্চনের সঞ্চালনায় ‘কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৮’-এর মঞ্চে সম্প্রতি হাজির হয়েছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান। ক্যুইজের পাশাপাশি দুই তারকার হাসি-মজার কথোপকথনে জমে ওঠে অনুষ্ঠান। আর সেখানেই অমিতাভকে নিজের ‘প্রথম ক্রাশ’ বলে অকপটে জানালেন সুনিধি।
শোয়ের একটি নতুন প্রোমোতে সুনিধিকে অমিতাভের প্রশংসা করতে দেখা যায়। গায়িকা বলেন, অমিতাভকে দর্শক নানা ধরনের চরিত্রে অভিনয় করতে দেখেছেন। তাঁর কাছে বিগ বি যেন ‘সান্তা ক্লজ’। এরপরই সুনিধি জানান, অমিতাভই ছিলেন তাঁর প্রথম ক্রাশ।
সুনিধির কথা শেষ হওয়ার আগেই মজার ছলে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন অমিতাভ। তিনি বলেন, “আপনার আমার ওপর ক্রাশ ছিল সেটা এখন বলছেন? তখন তো বলেননি!” অমিতাভের এমন মন্তব্যে রীতিমতো লজ্জায় হেসে ফেলেন সুনিধি। দুই তারকার এই খুনসুটির মুহূর্ত ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকের।
সোশাল মিডিয়াতেও এই বিশেষ মুহূর্ত নিয়ে শুরু হয়েছে আলোচনা। নেটিজেনদের একাংশ দুই তারকার পারস্পরিক প্রশংসায় মুগ্ধ। কেউ লিখেছেন, “দুই কিংবদন্তি একে অপরের প্রশংসা করছেন।” আবার কেউ সুনিধির স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং অসাধারণ কণ্ঠের প্রশংসা করেছেন। অনুরাগীদের কেউ কেউ তাঁকে ভারতের ‘শাকিরা’ বলেও অভিহিত করেছেন।
তবে শুধু কথোপকথনেই থেমে থাকেননি সুনিধি। ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র মঞ্চে ২০০৬ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান অভিনীত ‘ডন’ ছবির জনপ্রিয় গান ‘ইয়ে মেরা দিল’ পরিবেশন করেন তিনি। তাঁর পারফরম্যান্সে মুগ্ধ হয়ে উষ্ণ করতালি দেন অমিতাভ বচ্চনও।
সব মিলিয়ে সুনিধি চৌহানের উপস্থিতিতে ‘কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৮’-এর পর্বটি হয়ে উঠেছে গান, আড্ডা আর মজার মুহূর্তে ভরপুর। অমিতাভ-সুনিধির এই খুনসুটি যে দর্শকদেরও বেশ পছন্দ হয়েছে, ভাইরাল প্রোমোতেই তার প্রমাণ মিলছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.