প্রয়াত পরিচালক অনীক দত্তের শেষকৃত্য বৃহস্পতিবার হচ্ছে না। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সম্পন্ন হবে তাঁর শেষকাজ। পরিচালকের প্রাক্তন স্ত্রী সন্ধি দত্ত এক লিখিত বার্তায় জানিয়েছেন, তাঁদের মেয়ে ঐশী দত্ত সুইডেন থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছবেন। বাবার শেষকৃত্যে উপস্থিত থাকার ইচ্ছার কথা জানিয়ে তিনি শুক্রবার অন্ত্যেষ্টির সিদ্ধান্ত নিয়েছেন।
ময়নাতদন্তের পর অনীক দত্তের দেহ আপাতত রাখা হয়েছে ‘পিস ওয়ার্ল্ড’-এ। এর আগে জানা গিয়েছিল, বৃহস্পতিবার বিকেলে নন্দনে পরিচালকের মরদেহ রাখা হতে পারে, যাতে সহকর্মী ও অনুরাগীরা শেষ শ্রদ্ধা জানাতে পারেন। পরে কেওড়াতলা মহাশ্মশানে দাহকার্য সম্পন্ন হওয়ার কথাও শোনা যায়। তবে পরিবার সূত্রে এখন জানা যাচ্ছে, নন্দনে মরদেহ রাখা হবে কি না, তা নিয়েও মতভেদ তৈরি হয়েছে।
বুধবার দুপুরে দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্কে প্রাক্তন স্ত্রীর বাড়িতে গিয়েছিলেন অনীক দত্ত। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, তিনি একাই বাড়ির ছাদে ওঠেন। পরে চারতলার ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন বলে জানা যায়। দ্রুত তাঁকে উদ্ধার করা হলেও শেষরক্ষা হয়নি।
প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে একাধিক গুরুতর আঘাতের কথা। পরিচালকের মাথার বাঁ দিকের খুলিতে চোট লাগে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। বাঁ দিকের পাঁজর, কোমর ও পায়ে গুরুতর আঘাতের চিহ্ন মিলেছে। শরীরের বিভিন্ন অংশে ঘর্ষণের চিহ্নও পাওয়া গিয়েছে। তদন্তকারীদের অনুমান, ছাদ থেকে পড়ে যাওয়ার সময় পাশের গাছের ডালে ধাক্কা লেগে তিনি মাটিতে আছড়ে পড়েন। ফুসফুসেও রক্ত জমাট বেঁধেছিল বলে প্রাথমিক রিপোর্টে উল্লেখ রয়েছে।
পরিচালকের আকস্মিক মৃত্যুতে টলিপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যু ঘিরে তদন্ত চলছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.