বাংলাদেশে একের পর এক সংকট যেন থামছেই না। রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা ও সামাজিক উত্তেজনার মাঝেই এবার সামনে এল আরও এক ভয়াবহ বাস্তবতা—দেশে কনডমসহ গুরুত্বপূর্ণ জন্মনিরোধক সামগ্রীর ভয়াবহ ঘাটতি। সম্প্রতি দ্য ডেইলি স্টার-এর প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশে বর্তমানে মাত্র ৩৯ দিনের কনডম মজুত রয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, আগামী বছরের শুরুতেই দেশে কার্যত জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শুধু কনডম নয়—অন্যান্য জন্মনিরোধক সামগ্রীর ক্ষেত্রেও একই রকম সংকট দেখা দিয়েছে। গত কয়েক বছরে সরকারি পর্যায়ে সরবরাহ ব্যবস্থায় ঘাটতি, অর্থনৈতিক চাপ এবং পরিকল্পনার অভাব মিলিয়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে জন্মনিয়ন্ত্রণ ব্যবহারের হারও উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে।
এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে জনসংখ্যা বৃদ্ধির পরিসংখ্যানে। সরকারি রিপোর্ট অনুযায়ী, প্রায় ৫০ বছর পর বাংলাদেশে আবার জন্মহার বেড়েছে। আগে যেখানে মোট জন্মহার ছিল ২.৩, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ২.৪-এ। বিশেষজ্ঞদের মতে, এই ধারা অব্যাহত থাকলে আগামী দিনে জনসংখ্যা নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
এই সংকট এমন এক সময়ে দেখা দিল, যখন দেশ ইতিমধ্যেই চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। সম্প্রতি ছাত্রনেতা হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ একাধিক এলাকায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংবাদমাধ্যমের অফিসেও হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
এছাড়া, একাধিক নৃশংস হত্যাকাণ্ড দেশজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। এক হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ব্যাপক ক্ষোভ ছড়ায়। সর্বশেষ বুধবার রাতে আরও এক যুবক—অমৃত মণ্ডল ওরফে সম্রাট—নিহত হন। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের দাবি, প্রাথমিক তদন্ত অনুযায়ী এটি সাম্প্রদায়িক নয়, বরং সন্ত্রাসী কর্মকাণ্ডের ফল।
এই সামাজিক অস্থিরতা, নিরাপত্তাহীনতা এবং অর্থনৈতিক চাপে থাকা দেশের ওপর জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর ঘাটতি নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষজ্ঞদের মতে, পরিকল্পিত পরিবার গঠনের সুযোগ কমে গেলে দারিদ্র্য, স্বাস্থ্যঝুঁকি ও সামাজিক চাপ আরও বাড়বে।
সব মিলিয়ে, বাংলাদেশ এখন এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে—যেখানে রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক নিরাপত্তা এবং জনস্বাস্থ্য—তিনটিই একসঙ্গে বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। জন্মনিয়ন্ত্রণ সংকট সেই অস্থিরতাকে আরও গভীর করে তুলতে পারে বলেই আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.