রবিবার সকালে শেষ হল বর্ষীয়ান পরিচালক রাজা সেনের দীর্ঘ পথচলা। কেওড়াতলা শ্মশানে সম্পন্ন হল তাঁর শেষকৃত্য। পঞ্চভূতে বিলীন হলেন বাংলা সিনেমার জাতীয় পুরস্কারজয়ী এই পরিচালক। তাঁর প্রয়াণে বাংলা চলচ্চিত্রে আরও একটি যুগের অবসান ঘটল।
ফুলে সাজানো শববাহী গাড়িতে করে রাজা সেনের নিথর দেহ এসে পৌঁছেছিল নন্দনে। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন বাংলা চলচ্চিত্র জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। প্রিয় পরিচালককে শেষবার দেখতে এসে আবেগে ভেঙে পড়েন তাঁর স্ত্রী পাপিয়া সেন। স্বামীর ছবিতে ফুল দেওয়ার সময় নিজেকে সামলাতে পারেননি তিনি।
প্রয়াত পরিচালক তথা ভগ্নিপতি রাজা সেনকে শেষ শ্রদ্ধা জানাতে নন্দনে উপস্থিত হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। বোন পাপিয়া সেনকে সামলাতেও দেখা যায় তাঁকে। সঙ্গে ছিলেন তাঁর ছেলে গৌরব ও পুত্রবধূ রিধিমা। পাপিয়া সেনের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান অভিনেতা সোমরাজ। পুত্রসম সোমরাজকে দেখে আবেগ ধরে রাখতে পারেননি রাজা সেনের স্ত্রী।
এদিন কিংবদন্তি পরিচালককে শেষ শ্রদ্ধা জানাতে নন্দনে উপস্থিত ছিলেন স্বস্ত্রীক কৌশিক সেন। শ্রদ্ধা জানান অভিনেত্রী ও নৃত্যশিল্পী অঞ্জনা বসুও। সহকর্মী ও কাছের মানুষদের উপস্থিতিতে নন্দনে তৈরি হয় শোকাবহ পরিবেশ।
অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর আর বাড়ি ফেরা হল না ‘দামু’-র পরিচালক রাজা সেনের। কোমরে চোট নিয়ে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। চিকিৎসাধীন অবস্থায় তাঁর ফুসফুসে সমস্যা দেখা দেয় এবং হৃদরোগে আক্রান্ত হন প্রবীণ পরিচালক।
গত সোমবার তাঁকে দক্ষিণ কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেও চিকিৎসাধীন অবস্থায় কিডনির সমস্যা দেখা দেয়। শেষপর্যন্ত তাঁকে ভেন্টিলেশনে রাখা হলেও আর ফেরানো সম্ভব হয়নি। এসএসকেএম হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজা সেন।
তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে বাংলা সিনেদুনিয়ায়। রবিবার শেষকৃত্যের মধ্য দিয়ে শেষ হল এক বর্ষীয়ান পরিচালকের জীবনযাত্রা। রেখে গেলেন তাঁর সৃষ্টিশীল কাজ, স্মৃতি এবং বাংলা সিনেমায় তাঁর দীর্ঘ অবদানের উত্তরাধিকার।
*রাজা সেনের মৃত্যুতে ‘অভিভাবকহীন’ ঋতুপর্ণা, আক্ষেপ ‘প্রাপ্য সম্মান পেলেন না’

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.