‘বিগ বস বাংলা’-র ঘরে প্রতিদিনই নতুন নতুন সমীকরণ তৈরি হচ্ছে। কখনও ঝগড়া, কখনও বন্ধুত্ব, আবার কখনও কৌশলী চাল—সব মিলিয়ে জমজমাট হয়ে উঠেছে রিয়্যালিটি শো। এবার সেই উত্তেজনার মধ্যেই ঘরের ভিতর দেখা গেল একেবারে অন্যরকম লড়াই। সদস্যপদের বদলে ‘বিগ বস’-এর ঘরে এবার বসেছে নির্বাচনের আসর। জনসভা, মিছিল থেকে শুরু করে স্লোগান—রাজনীতির আদলেই জমে উঠল প্রতিযোগীদের লড়াই।
সম্প্রতি নেটপাড়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, এই কাল্পনিক নির্বাচনে মুখোমুখি হয়েছেন অভিনেতা জীতু কমল এবং গায়ক দুর্নিবার সাহা। জীতুর দলের নির্বাচনী প্রতীক ‘হরিণ’, অন্যদিকে দুর্নিবারের দলের প্রতীক ‘পাখি’। ঘরের সদস্যরাও নিজেদের পছন্দের প্রার্থীর হয়ে প্রচারে নেমে পড়েন।
জীতু কমলের হয়ে প্রচারে দেখা যায় মনামী ঘোষ, রাজবীর দে এবং নন্দিনী দত্তকে। অন্যদিকে দুর্নিবার সাহার ‘পাখি’ প্রতীকের হয়ে গলা মেলান ঝিলম ও সোনামণি সাহা। মিছিল এবং স্লোগানে সরগরম হয়ে ওঠে ‘বিগ বস বাংলা’র ঘর। পুরো ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই নেটমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
এরই মধ্যে শুরু হয়েছে এই সপ্তাহের নমিনেশন পর্বও। এলিমিনেশনের তালিকায় রয়েছেন মোট পাঁচ প্রতিযোগী—নন্দিনী দত্ত, ভরত কল, রাজবীর দে, দুর্নিবার সাহা এবং নিরঞ্জন মণ্ডল। তবে ক্যাপ্টেন নির্বাচিত হওয়ায় এই সপ্তাহে নমিনেশন থেকে নিরাপদ তনুশ্রী রায় দাস।
নমিনেশন পর্বে অবশ্য বড় চমক নিয়ে হাজির হন নতুন ওয়াইল্ড কার্ড প্রতিযোগী অনুষ্কা ঘোষ। ‘বিগ বস’ তাঁর হাতে তুলে দেয় বিশেষ ‘সুপার পাওয়ার’। সেই ক্ষমতা ব্যবহার করে অনুষ্কা নমিনেটেড প্রতিযোগীদের মধ্যে যে কোনও একজনকে এলিমিনেশনের হাত থেকে সরাসরি সুরক্ষিত করতে পারতেন। স্বাভাবিকভাবেই, নিজেকে বাঁচানোর জন্য একের পর এক প্রতিযোগী অনুষ্কার কাছে আবেদন করতে শুরু করেন। কিন্তু সেখানেই আলাদা চাল দেন রাজবীর দে। নিজের নাম না তুলে রাজবীর অনুষ্কার কাছে অনুরোধ করেন তাঁর বন্ধু জীতু কমলকে নিরাপদ করার জন্য।
শুধু অনুরোধ করেই থামেননি রাজবীর। আগামী ক্যাপ্টেনসি টাস্কে অনুষ্কার হয়ে সর্বশক্তি দিয়ে লড়াই করার প্রতিশ্রুতিও দেন তিনি। রাজবীরের এই প্রস্তাবে সম্মতি জানান অনুষ্কা। শেষ পর্যন্ত নিজের ‘সুপার পাওয়ার’ ব্যবহার করে জীতু কমলকে এই সপ্তাহের নমিনেশন থেকে বাঁচিয়ে দেন তিনি।
ফলে একদিকে যেমন ‘বিগ বস বাংলা’র ঘরে জীতু ও দুর্নিবারের কাল্পনিক রাজনৈতিক লড়াই নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে, তেমনই নমিনেশন পর্বে রাজবীর-জীতুর বন্ধুত্ব এবং অনুষ্কার বিশেষ ক্ষমতার ব্যবহারও নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.