‘এই ভালোবাসা যেন বিয়ে অবধি যায়!’ নন্দিনীর স্মৃতি মুছতে গিয়ে বিপাকে রাজবীর, কটাক্ষ সায়কের

‘বিগ বস বাংলা’র (Bigg Boss Bangla) ঘরে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন নতুন বিতর্ক। কখনও প্রতিযোগীদের মধ্যে ঝামেলা, কখনও আবেগঘন মুহূর্ত, আবার কখনও সম্পর্কের টানাপোড়েন— সব মিলিয়ে জমে উঠেছে শোয়ের অন্দরমহল। তবে এবার প্রেমিকার বিচ্ছেদে এমন এক কাণ্ড ঘটিয়ে বসলেন রাজবীর দে, যা নিয়ে রীতিমতো সরগরম সোশ্যাল মিডিয়া। তাঁর এই আচরণে ক্ষুব্ধ হয়েছেন ঘরের অন্যান্য প্রতিযোগীরাও। অন্যদিকে রাজবীর ও নন্দিনীর সম্পর্ক নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না অভিনেতা সায়ক চক্রবর্তী।

সম্প্রতি ‘বিগ বস বাংলা’র ঘর থেকে বিদায় নিয়েছেন বিতর্কিত প্রতিযোগী নন্দিনী দত্ত। তাঁর বিদায়ের পর থেকেই মনমরা হয়ে রয়েছেন চর্চিত প্রেমিক রাজবীর। প্রিয় মানুষের চলে যাওয়ায় যে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, তা তাঁর আচরণেই স্পষ্ট। এমনকী ক্যামেরার সামনে রাজবীরকে অভিযোগ করতেও শোনা যায়, তাঁকে মানসিকভাবে দুর্বল করে দেওয়ার জন্যই নাকি পরিকল্পনা করে নন্দিনীকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। দীপাবলির উপহারও প্রেমিকার জন্য তুলে রাখতে দেখা যায় তাঁকে।

কিন্তু প্রেমিকার প্রতি এই আবেগ দেখাতে গিয়েই এবার বড় বিতর্কে জড়ালেন রাজবীর। ‘বিগ বস’ বাড়িতে একটি বিশেষ বোর্ড রয়েছে, যেখানে ঘর থেকে বিদায় নেওয়ার আগে প্রতিযোগীরা নিজেদের মনের কথা কিংবা স্মৃতি লিখে রেখে যান। এতদিন ধরে সেই বোর্ডে জমা হয়েছিল একাধিক প্রতিযোগীর স্মৃতি ও হাতের লেখা। কিন্তু নন্দিনীর বিদায়ের পর হঠাৎই সেই বোর্ডের সমস্ত লেখা মুছে দেন রাজবীর।

বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন ঘরের অন্যান্য প্রতিযোগীরা। কেন তিনি সকলের স্মৃতি মুছে দিলেন, তা নিয়ে রাজবীরকে প্রশ্নের মুখে পড়তে হয়। যদিও নিজের কাজের সাফাই দিতে গিয়ে তিনি দাবি করেন, নন্দিনীর লেখা কে বা কারা মুছে দিয়েছে, তা তিনি জানেন না। পাশাপাশি তাঁর বক্তব্য, নন্দিনীর লেখা যদি না থাকে, তাহলে অন্য কারও লেখাও থাকবে না। তবে রাজবীরের এই যুক্তি মেনে নিতে পারেননি সতীর্থরা। তাঁদের দাবি, নন্দিনী ঘর ছাড়ার আগেই নিজের লেখা নিজে মুছে দিয়ে গিয়েছিলেন। সেই কথা জানার পর রাজবীর কিছুটা চুপ হয়ে গেলেও ততক্ষণে বোর্ড থেকে মুছে গিয়েছে অন্য প্রতিযোগীদের বহু স্মৃতি। ফলে তাঁর এই আচরণ নিয়ে ঘরের অন্দরেই তৈরি হয়েছে অসন্তোষ।

এদিকে, এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছে জোর চর্চা। বিগ বসের আরেক পরিচিত মুখ তথা অভিনেতা সায়ক চক্রবর্তীও বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। রাজবীর ও নন্দিনীর সম্পর্ককে কটাক্ষ করে তিনি লেখেন, “এত মানুষের স্মৃতি কি এক নিমিষে মুছে দেওয়া যায়? এই ভালোবাসা যেন বিয়ে অবধি যায়! ওদের বিয়ের নিমন্ত্রণ খেতে যাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড!”

সায়কের এই মন্তব্য ঘিরেও শুরু হয়েছে আলোচনা। তাঁর কথায় যে ব্যঙ্গের সুর রয়েছে, তা সহজেই বুঝতে পারছেন দর্শকদের একাংশ। শুধু সায়ক নন, রাজবীরের এমন আচরণে অসন্তুষ্ট বহু দর্শকও। তাঁদের মতে, ব্যক্তিগত সম্পর্কের আবেগের কারণে অন্যদের স্মৃতি নষ্ট করা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়।

সৃজলাকে ‘আই লাভ ইউ’ লিখে চিরকুট জিতুর, তারপরই দাদার কড়া ধমক
সৃজলাকে ‘আই লাভ ইউ’ লিখে চিরকুট জিতুর, তারপরই দাদার কড়া ধমক

সব মিলিয়ে নন্দিনীর বিদায়ের পর রাজবীরের একাকীত্ব, তাঁর আবেগ এবং বোর্ড মুছে দেওয়ার ঘটনা— সবকিছু নিয়েই এখন চর্চার কেন্দ্রে এই জুটি। তবে বিগ বসের ঘরের বাইরেও রাজবীর-নন্দিনীর সম্পর্ক কতটা গভীর থাকবে, শেষ পর্যন্ত তাঁদের প্রেম বিয়ের পরিণতি পাবে কি না, সেই উত্তর জানার অপেক্ষায় দর্শকরা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক