‘বিগ বস বাংলা’-র উইকেন্ড এপিসোডে উত্তেজনার পারদ চড়ল আরও এক ধাপ। সাধারণত শান্ত স্বভাবের জন্য পরিচিত সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের রুদ্রমূর্তি দেখা গেল ‘দাদার দরবার’-এ। প্রতিযোগী নিরঞ্জন মণ্ডলের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। একসময় নিরঞ্জনকে কার্যত ধমক দিয়ে সেখান থেকে উঠে চলে যেতে বলেন সৌরভ।
শনিবারের পর্বে মূল আলোচনার বিষয় ছিল সৃজলা গুহর সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনা। টাস্ক চলাকালীন নন্দিনীর কারণে ঘোড়া থেকে পড়ে গিয়ে গুরুতর চোট পান সৃজলা। পরে তাঁকে পাঁচ দিন হাসপাতালে থাকতে হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই নিরঞ্জন ও নন্দিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সৌরভ। সঞ্চালকের অভিযোগ, নিরঞ্জন ও নন্দিনী মিলে সৃজলাকে ক্যাপ্টেনের পদ থেকে সরানোর পরিকল্পনা করেছিলেন। এমনকি সৃজলার চিঠি এবং গোলাপ ছিঁড়ে ফেলার মতো ঘটনাও ঘটেছিল বলে জানান তিনি।
সৌরভের বক্তব্যের পরেই আপত্তি জানান নিরঞ্জন। তিনি প্রশ্ন করেন, সৌরভ এবং সৃজলা কি পুরো ঘটনার ভিডিয়ো দেখে বিষয়টি নিয়ে কথা বলছেন? উত্তরে সৌরভ স্পষ্ট করে দেন, তাঁরা সম্পূর্ণ ভিডিয়ো দেখেই কথা বলছেন। এরপরই নিরঞ্জনকে সতর্ক করে তিনি বলেন, “এখানে না দেখে কেউ কথা বলে না নিরঞ্জন, তর্ক কোরো না।” এরপর নন্দিনী স্বীকার করে নেন যে, নিরঞ্জনের সঙ্গে আলোচনা করেই সৃজলার কার্ড বের করার পরিকল্পনা করেছিলেন তিনি। সেই সময় নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ফের সৌরভের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন নিরঞ্জন। তাঁর দাবি, একটি জাতীয় মাধ্যমে তাঁকে এভাবে দোষারোপ করা যায় না।
নিরঞ্জনের এই বক্তব্যে আরও চটে যান সৌরভ। তাঁকে উদ্দেশ করে সঞ্চালক বলেন, “তুমি মিথ্যে বলছ। নিরঞ্জন তুমি যাই বলো, তোমার কথা কেউ শুনবে না। এখানে তোমার বাজে কথা শুনতে কেউ আসেনি, তুমি এখান থেকে উঠে চলে যেতে পারো।” সৌরভের এই কড়া মন্তব্যের পর কিছুটা চুপ করে যান নিরঞ্জন। পরে অবশ্য নিজের বক্তব্যের বিস্তারিত ব্যাখ্যা দেন তিনি। নিরঞ্জনের দাবি, প্রথমে নন্দিনীর সঙ্গে মিলে সৃজলার কার্ড বের করার পরিকল্পনা করলেও পরে তাঁর মনে হয়, বিষয়টি ঠিক হচ্ছে না। তাই ক্ষতি হতে পারে এমন কিছু জিনিস তিনি ঘর থেকে সরিয়ে লুকিয়ে রাখেন এবং সৃজলার কার্ডও দুর্নিবারের কাছে ফিরিয়ে দেন।
‘বিগ বস’ কি স্ক্রিপ্টেড?
এর আগে সোহিনী দাবি করেছিলেন, উইকেন্ডে সৌরভ এসে স্ক্রিপ্ট পড়ে প্রতিযোগীদের সঙ্গে কথা বলেন। শনিবারের পর্বে সেই অভিযোগেরও জবাব দেন সৌরভ। সৃজলার দুর্ঘটনার প্রসঙ্গ তুলে তাঁর বক্তব্য, শো আগে থেকে সম্পূর্ণ পরিকল্পিত বা স্ক্রিপ্টেড হলে এমন গুরুতর দুর্ঘটনা ঘটতে দেওয়া হত না। এদিন টাস্কের সময় মনামীকে টেনে সরানোর ঘটনায় জীতু কমলকেও ভর্ৎসনা করেন সৌরভ। নিজের ভুল স্বীকার করে সবার সামনে কান ধরে ক্ষমা চান জীতু। পাশাপাশি সোনামণির তোলা ‘ব্যাড টাচ’-এর অভিযোগ নিয়েও আলোচনা হয়। সেখানে সৌরভ স্পষ্ট করে দেন, জীতু ইচ্ছাকৃতভাবে নিরঞ্জনের গায়ে হাত দেননি।
নিরঞ্জনকে কটাক্ষ অনীক ধরের
সৌরভের সঙ্গে নিরঞ্জনের তর্কের বিষয়টি নজর এড়ায়নি ‘বিগ বস বাংলা’-র প্রথম সিজনের বিজয়ী অনীক ধরেরও। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে নাম না করে নিরঞ্জনকে কটাক্ষ করেন তিনি। অনীক বলেন, “ভদ্রভাবে থাকতে খুব অসুবিধা? সামনে কে দাঁড়িয়ে রয়েছে না দেখেই মুখে মুখে তর্ক করতে হবে! দাদার রুদ্রমূর্তি দেখতে চেয়েছিলে, এবার দেখবে।”
সৌরভ-নিরঞ্জনের এই সংঘাতের পর ‘বিগ বস বাংলা’-র ঘরে যে উত্তেজনা আরও বাড়ল, তা বলাই যায়। আগামী পর্বে এই ঘটনার রেশ কতটা গড়ায়, এখন সেদিকেই নজর দর্শকদের।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.