Swara Bhasker: ‘জলহস্তী হয়ে গিয়েছে’! সন্তানজন্মের পর ওজনবৃদ্ধি নিয়ে কটাক্ষ, ‘মোটি’ লেখা ব্লাউজে জবাব স্বরা ভাস্করের

সন্তানজন্মের পর শরীরের পরিবর্তন নিয়ে বারবার কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। এ বার সেই ট্রোলিংয়েরই জবাব দিলেন নিজের পোশাকের মাধ্যমে। রিয়্যালিটি শো ‘রাইজ় অ্যান্ড ফল’-এর দ্বিতীয় সিজ়নের প্রথম পর্বে বেগনি শাড়ির সঙ্গে এমন একটি ব্লাউজ পরে হাজির হন অভিনেত্রী, যা ইতিমধ্যেই নজর কেড়েছে।

শনিবার, ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ‘রাইজ় অ্যান্ড ফল’-এর দ্বিতীয় সিজ়ন। বীরেন্দ্র সহবাগ সঞ্চালিত এই অনুষ্ঠানের অন্যতম প্রতিযোগী স্বরা প্রথম পর্বেই নিজের পোশাকের মাধ্যমে বার্তা দেন। তাঁর ব্লাউজে হিন্দিতে লেখা ছিল ‘মোটি’, যার অর্থ ‘মোটা’।

কেন এমন লেখা ব্লাউজ বেছে নিলেন স্বরা? অনুষ্ঠানে নিজেই তার ব্যাখ্যা দেন অভিনেত্রী। স্বরা জানান, তাঁর মেয়ের বয়স তিন বছর। সন্তানজন্মের পর গত তিন বছর ধরে সমাজমাধ্যমে তাঁকে নানা ধরনের কটাক্ষের মুখে পড়তে হয়েছে। এমনকি, অপরিচিত ব্যক্তিরাও তাঁর ওজন নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন বলে জানান তিনি।

স্বরা বলেন, তাঁকে কখনও ‘মোটা’, কখনও ‘মোষ’, ‘গরু’, ‘জলহস্তী’ বা ‘হাতি’ বলা হয়েছে। তাঁর বক্তব্য, “আমার মতে, হ্যাঁ, আমি সবই হয়ে গিয়েছি। এ বার আপনাদের কথা মেনে আমি এই পোশাক অঙ্গে তুলেছি।” অর্থাৎ, যে শব্দগুলি দিয়ে তাঁকে কটাক্ষ করা হয়েছে, সেই শব্দকেই নিজের পোশাকের মাধ্যমে আত্মবিশ্বাসের সঙ্গে সামনে আনলেন অভিনেত্রী।

এর আগেও নিজের শরীর নিয়ে কটাক্ষের প্রতিবাদ করেছেন স্বরা। চলতি বছরের মে মাসে ২০১৮ সালের একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করার পর শরীর নিয়ে নানা মন্তব্যের মুখে পড়েন তিনি। তখন অভিনেত্রী স্পষ্ট করে জানান, সন্তানজন্মের পর তাঁর শরীর বদলে যাওয়া স্বাভাবিক। সমাজমাধ্যমে অপরিচিতদের নির্ধারিত সময়সীমার মধ্যে ওজন কমানোর কোনও ইচ্ছা তাঁর নেই।

স্বরা আরও জানান, সন্তান হওয়ার পর দ্রুত আগের চেহারায় ফিরে যাওয়ার চেষ্টা তিনি করেননি। তাঁর মতে, সন্তানজন্মের পর জীবন অনেকটাই বদলে যায় এবং সেই পরিবর্তনকে স্বাভাবিক ভাবেই গ্রহণ করা উচিত। একই সঙ্গে নিজের পুরনো চেহারা বা আগের জীবনের জন্য নস্ট্যালজিয়া থাকলেও শরীরকে জোর করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা তিনি সমর্থন করেন না।

সন্তানজন্মের পর শরীরের পরিবর্তন নিয়ে সম্প্রতি কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কইফও। গত বছর নভেম্বরে সন্তানের জন্মের পর বেশ কিছুটা সময় অন্তরালে ছিলেন তিনি। সম্প্রতি গণেশপুজো উপলক্ষে অম্বানী পরিবারের অনুষ্ঠানে স্বামী ভিকি কৌশলের সঙ্গে প্রকাশ্যে আসেন ক্যাটরিনা। সেখানে তাঁর চেহারা নিয়ে সমাজমাধ্যমে নানা মন্তব্য দেখা যায়। যদিও একই সঙ্গে বহু অনুরাগী অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে সন্তানজন্মের পর শরীরের পরিবর্তনকে স্বাভাবিক বলে উল্লেখ করেছেন।

স্বরা ভাস্করের ‘মোটি’ লেখা ব্লাউজ তাই শুধু একটি পোশাক নয়, বরং তাঁর শরীর নিয়ে দীর্ঘদিনের কটাক্ষের বিরুদ্ধে নিজের অবস্থান জানানোর একটি অভিনব বার্তা হিসেবেই সামনে এসেছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক