প্যারিসের রাত, ঝলমলে আইফেল টাওয়ার আর তার নীচে কিম কার্দাশিয়ান ও লুইস হ্যামিলটনের ঘনিষ্ঠ মুহূর্ত। দীর্ঘদিনের জল্পনার পর এবার তাঁদের সম্পর্কের ছবি যেন আরও স্পষ্ট করে দিল প্রেমের সমীকরণ। সমাজমাধ্যমে নিজেদের একসঙ্গে কাটানো একাধিক মুহূর্ত প্রকাশ্যে এনেছেন দু’জনেই।
সম্প্রতি ইউরোপ সফরের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন কিম কার্দাশিয়ান। স্পেন, ইটালি, ফ্রান্স থেকে ব্রিটেন—সফরের নানা মুহূর্ত ধরা পড়েছে সেই ছবির অ্যালবামে। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে প্যারিসের একটি ছবি। সোনালি পোশাকে কিমকে দেখা গিয়েছে আইফেল টাওয়ারের সামনে। সেই ছবিতেই লুইসের মুখ দু’হাতে ধরে তাঁকে চুম্বন করতে দেখা যায় কিমকে।
তবে শুধু সেই ছবিই নয়, প্যারিস সফরে তাঁদের আরও বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্ত ধরা পড়েছে। সেঁ নদীতে নৌবিহার, মোমবাতির আলোয় সাজানো ডিনার কিংবা একসঙ্গে সময় কাটানোর ছবি—সবকিছুতেই ছিল রোম্যান্টিক আবহ। এমনকি প্যারিসে সেলিন দিওঁর একটি অনুষ্ঠানেও একসঙ্গে হাজির হতে দেখা যায় তাঁদের।
কিমের পাশাপাশি লুইস হ্যামিলটনের সমাজমাধ্যমেও উঠে এসেছে তাঁদের একসঙ্গে কাটানো সময়ের ছবি। কখনও বাইক চালাতে দেখা গিয়েছে দু’জনকে, কখনও আবার সোনালি পোশাকে কিমের সঙ্গে ডেট নাইটের মুহূর্ত ভাগ করে নিয়েছেন লুইস। সেঁ নদীতে সূর্যাস্তের সময় নৌবিহার এবং দু’জনের জন্য আয়োজিত ব্যক্তিগত সিনেমা দেখার মুহূর্তও তাঁর পোস্টে জায়গা পেয়েছে।
কিম ও লুইসকে ঘিরে প্রেমের গুঞ্জন অবশ্য নতুন নয়। চলতি বছরের শুরুতেই প্যারিসের একটি হোটেলে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। পরবর্তী সময়ে একাধিক সফর এবং একসঙ্গে সময় কাটানোর ছবি সেই জল্পনাকে আরও বাড়িয়ে দেয়। চলতি বছরেই দু’জন তাঁদের সম্পর্ককে সমাজমাধ্যমে প্রকাশ্যে আনেন বলে জানা যায়।
কিম ও লুইসের পরিচয়ও বেশ পুরনো। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে তাঁরা একে অপরকে চেনেন। এতদিন তাঁদের সম্পর্ককে বন্ধুত্ব হিসেবেই দেখা হলেও সাম্প্রতিক ছবিগুলি তাঁদের সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে প্যারিসের আইফেল টাওয়ারের সামনে প্রকাশ্যে আসা চুম্বনের ছবি তাঁদের সম্পর্ক নিয়ে চলা জল্পনাকে আরও জোরালো করেছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.