Recipe:চিংড়ির পুর ভরা পালংয়ের বড়া! শীতের বিকেলের চায়ের আড্ডা জমিয়ে দিতে শিখে নিন সহজ রেসিপি

Recipe:শীতকাল মানেই বাজারে টাটকা পালংশাকের সমাহার। কচি পালংশাক দিয়ে ডাল, চচ্চড়ি কিংবা বিভিন্ন পদ তো অনেকেই খেয়েছেন। কিন্তু কখনও কি চিংড়ি মাছের পুর ভরে তৈরি করেছেন পালংয়ের বড়া? বাইরে মুচমুচে আর ভিতরে সুস্বাদু চিংড়ির পুর—এই অভিনব পদ একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। গরম ভাত ও ডালের সঙ্গে যেমন দারুণ লাগে, তেমনই বিকেলের চায়ের সঙ্গেও জমে যায় এই মুখরোচক খাবার।
চিংড়ি মাছ ও পালংশাক, দু’টি উপকরণই সহজে পাওয়া যায়। তাই বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন এই সুস্বাদু পদ। কী ভাবে বানাবেন চিংড়ির পুর ভরা পালংয়ের বড়া? জেনে নিন সম্পূর্ণ রেসিপি।

চিংড়ির পুর ভরা পালংয়ের বড়া তৈরির উপকরণ
পালংপাতা – ১২-১৫টি
ছোট বা মাঝারি চিংড়ি – ২৫০ গ্রাম
ছোট পেঁয়াজ – ১টি
রসুন – ৪-৫ কোয়া
বেসন – ৩ টেবিল চামচ
চালের গুঁড়ো – ১ টেবিল চামচ
বেকিং সোডা – আধ চা চামচ
হলুদ গুঁড়ো – আধ চা চামচ
কালোজিরে – আধ চা চামচ
কাঁচালঙ্কা – ৩-৪টি
ঘি – ১ টেবিল চামচ
নুন ও চিনি – স্বাদমতো
সর্ষের তেল – ভাজার জন্য

কী ভাবে তৈরি করবেন চিংড়ির পুর ভরা পালংয়ের বড়া?

প্রথম ধাপ: চিংড়ির পুর তৈরি করুন
প্রথমে চিংড়ি মাছ ভাল করে পরিষ্কার করে ধুয়ে নিন। এর পর মাছের সঙ্গে সামান্য নুন ও হলুদ মাখিয়ে রাখুন। কড়াইয়ে সর্ষের তেল ও ঘি গরম করে তাতে কুচিয়ে রাখা পেঁয়াজ, রসুন এবং কাঁচালঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এ বার চিংড়ি মাছ দিয়ে প্রায় ২-৩ মিনিট হালকা ভেজে নিন। মনে রাখবেন, চিংড়ি বেশি ক্ষণ ভাজবেন না। তা হলে মাছ শক্ত হয়ে যেতে পারে।

দ্বিতীয় ধাপ: বেসনের গোলা তৈরি করুন
একটি পাত্রে বেসন, চালের গুঁড়ো, নুন, হলুদ এবং স্বাদমতো চিনি নিয়ে ভাল করে মিশিয়ে নিন। এর মধ্যে অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে ঘন গোলা তৈরি করুন। এই মিশ্রণ থেকে কিছুটা আলাদা করে রাখুন। বাকি গোলায় সামান্য জল মিশিয়ে একটু পাতলা করে নিন। তবে খেয়াল রাখবেন, গোলা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়।

তৃতীয় ধাপ: পালংপাতার মধ্যে পুর ভরুন
এ বার পালংপাতাগুলি ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। দুটি পালংপাতা পাশাপাশি রেখে তার উপর বেসনের ঘন মিশ্রণ লাগিয়ে দিন। এর উপর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ ছড়িয়ে দিন। এ বার আরও দুটি পালংপাতা দিয়ে চিংড়ির পুর ঢেকে দিন। প্রতিটি পাতার মাঝখানে সামান্য বেসনের মিশ্রণ লাগাতে হবে, যাতে পাতাগুলি একসঙ্গে লেগে থাকে। এই ভাবে পালংপাতার মধ্যে চিংড়ির পুর ভাল করে মুড়ে নিন।

চতুর্থ ধাপ: ভেজে তৈরি করুন মুচমুচে বড়া
কড়াইয়ে পর্যাপ্ত সর্ষের তেল গরম করে নিন। এ বার তৈরি করা পালংপাতার প্যাকেটগুলি পাতলা বেসনের গোলায় ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিন। মাঝারি আঁচে দু’পিঠ ভাল করে ভেজে নিন। বড়াগুলি সোনালি ও মুচমুচে হয়ে এলে তেল থেকে তুলে নিন।

কীসের সঙ্গে পরিবেশন করবেন?

গরমাগরম চিংড়ির পুর ভরা পালংয়ের বড়া পরিবেশন করুন গরম ভাত ও ডালের সঙ্গে। চাইলে বিকেলের চায়ের আড্ডাতেও পরিবেশন করতে পারেন। বাইরে মুচমুচে পালংপাতার আবরণ আর ভিতরে সুস্বাদু চিংড়ির পুর—এই দুইয়ের মেলবন্ধন বাড়ির সকলের মন জয় করবে। শীতের মরসুমে চেনা পালংশাক দিয়ে নতুন স্বাদের এই পদ একবার বাড়িতে বানিয়ে দেখতেই পারেন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক