বাংলার রাজনীতির পরিচিত মুখদের নিয়ে এবার জমজমাট হতে চলেছে দেব সঞ্চালিত ‘দাদাগিরি’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে বিশেষ রাজনৈতিক পর্বের প্রোমো। সেখানে সজল ঘোষ, কুণাল ঘোষ, মদন মিত্রের পাশাপাশি দেখা মিলেছে কৌস্তভ বাগচি, নওশাদ সিদ্দিকি এবং মোস্তাফিজুর রহমানের। আর এই প্রোমো সামনে আসতেই নেটপাড়ায় শুরু হয়েছে জোর আলোচনা।
রসিকতা ও টিপ্পনিতে মদন মিত্র, সজল ঘোষ এবং কুণাল ঘোষের জনপ্রিয়তা দীর্ঘদিনের। অন্যদিকে যুক্তি ও রাজনৈতিক বক্তব্যের জন্য পরিচিত নওশাদ সিদ্দিকি এবং কৌস্তভ বাগচিকেও এই বিশেষ পর্বে দেখতে মুখিয়ে দর্শকরা। তাঁদের সঙ্গে রয়েছেন বিধানসভায় বামেদের একমাত্র প্রতিনিধি তথা ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান।
প্রোমোতে একসঙ্গে রাজনৈতিকভাবে ভিন্ন মেরুর একাধিক নেতাকে দেখে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে দর্শকমহলে। বিধানসভা কিংবা রাজনৈতিক ময়দানে যাঁরা পরস্পরের কড়া প্রতিপক্ষ, তাঁরাই এবার একই মঞ্চে প্রতিযোগী। ফলে দেবের প্রশ্নের মুখে তাঁদের মধ্যে রসিকতা, পাল্টা টিপ্পনি নাকি রাজনৈতিক বাকযুদ্ধ—কী দেখা যাবে, তা নিয়েই বাড়ছে আগ্রহ।
তবে এই প্রোমোতেই একটি বিষয় নজর কেড়েছে নেটিজেনদের। বামনেতা শতরূপ ঘোষকে দেখা যায়নি। ফলে চ্যানেলের পোস্টের মন্তব্যবাক্সে অনেকেই তাঁর উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ জানতে চেয়েছেন, রাজনৈতিক পর্বে যখন এত হেভিওয়েট মুখকে দেখা যাচ্ছে, তখন শতরূপ ঘোষ কোথায়?
এদিকে নতুন প্রোমো সামনে আসার পর আরও একটি প্রশ্ন ঘুরছে দর্শকদের মধ্যে—এত দাপুটে বিধায়ককে কি সামলাতে পারবেন ‘নতুন দাদা’ দেব? রাজনৈতিক ময়দানে একে অপরের তীব্র বিরোধী নেতাদের একই মঞ্চে বসিয়ে কীভাবে সামলান দেব, সেটিও দেখার বিষয়।
সব মিলিয়ে ‘দাদাগিরি’র এই বিশেষ রাজনৈতিক পর্ব ঘিরে উত্তেজনা তুঙ্গে। মদন-সজল-কুণালের রসিকতার সঙ্গে কৌস্তভ-নওশাদের রাজনৈতিক যুক্তি এবং মোস্তাফিজুরের উপস্থিতি—সব মিলিয়ে পর্বটি যে দর্শকদের জন্য বেশ অন্যরকম হতে চলেছে, প্রোমোতেই তার ইঙ্গিত মিলেছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.