বিখ্যাত ইতালীয় লোকগান ‘বেলা চাও’-এর রিমেক ব্যবহার করে নতুন বিতর্কে জড়িয়েছে ‘ধামাল ৪’। একাধিক জনপ্রিয় তারকাকে নিয়ে তৈরি এই কমেডি ছবি মুক্তির পর থেকেই দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। ছবির কৌতুক, গল্প এবং ভিজ্যুয়াল এফেক্টস নিয়ে আগেই সমালোচনার মুখে পড়তে হয়েছিল নির্মাতাদের। এবার ছবির একটি দৃশ্যে ‘বেলা চাও’-এর পুনর্নির্মিত সংস্করণ ব্যবহার করাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন বিতর্ক।
নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘মানি হাইস্ট’-এর মাধ্যমে বিশ্বজুড়ে নতুন করে জনপ্রিয়তা পেয়েছিল ‘বেলা চাও’ গানটি। সেই গানকেই ‘ধামাল ৪’-এর একটি ট্রেজার হান্টের দৃশ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু দর্শকদের একাংশের মতে, এই গানটির ব্যবহার একেবারেই বেমানান এবং একটি জনপ্রিয় ও আবেগঘন সুরকে শুধুমাত্র হাস্যরসের উপকরণ হিসেবে তুলে ধরা হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছবির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বহু দর্শক। একজন নেটিজেন লেখেন, “মানি হাইস্টের ‘বেলা চাও’ গানটিকে ফানি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হচ্ছে! ‘ধামাল ৪’ সত্যিই হতাশাজনক।” আবার অন্য একজন সরাসরি প্রশ্ন তোলেন, “ক্যায়া বকওয়াস হ্যায় ইয়ে?” কেউ কেউ ব্যঙ্গের সুরে মন্তব্য করেছেন যে ছবিটি নাকি “হলিউডকেও পিছনে ফেলে দিয়েছে”।
তবে এই বিতর্কে দর্শকদের মতামত স্পষ্টভাবে দুই ভাগে বিভক্ত। একাংশের দাবি, ‘বেলা চাও’-এর মতো একটি কালজয়ী গানকে আরও যত্ন সহকারে ব্যবহার করা উচিত ছিল। তাঁদের মতে, কমেডি দৃশ্যের সঙ্গে এই গানের সংযোগ ঠিকভাবে স্থাপন করতে পারেননি নির্মাতারা। অন্যদিকে, অনেকেই ছবিটির পক্ষ নিয়ে বলছেন, ‘ধামাল ৪’ মূলত একটি হালকা মেজাজের বিনোদনধর্মী ছবি। ফলে এটিকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে বিচার করার কোনও প্রয়োজন নেই।
এর আগেও ছবিটি নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। অনেক দর্শকের অভিযোগ, ছবিতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত AI-নির্ভর ভিজ্যুয়াল ব্যবহার করা হয়েছে, যা ছবির স্বাভাবিকতা নষ্ট করেছে। পাশাপাশি, কেউ কেউ এটিকে একটি অপ্রয়োজনীয় সিক্যুয়েল বলেও মন্তব্য করেছেন।
সব বিতর্ক সত্ত্বেও ‘ধামাল ৪’কে ঘিরে দর্শকদের আগ্রহ কমেনি। অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, রিতেশ দেশমুখ, জাভেদ জাফরি, রবি কিষাণ, সঞ্জয় মিশ্র, উপেন্দ্র লিমায়ে, অঞ্জলি আনন্দ, সঞ্জিদা শেখ, এশা গুপ্তা এবং বিজয় পাটকরের মতো তারকাদের উপস্থিতি ছবিটিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে। বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পেলেও, বিতর্ক এবং সামাজিক মাধ্যমে আলোচনা ‘ধামাল ৪’-কে নতুন করে শিরোনামে তুলে এনেছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.