কেরল থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। রবিবার ভোরে মধ্যপ্রদেশের কোটা রেল ডিভিশনের লুনি ও আলট স্টেশনের মাঝামাঝি এলাকায় চলন্ত ট্রেনের একটি কামরায় আগুন লাগে। পরে সেই আগুন দ্রুত পাশের আরও একটি কামরায় ছড়িয়ে পড়ে। ঘটনায় দু’টি কোচ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, তিরুঅনন্তপুরম থেকে হজরত নিজামউদ্দিনগামী ১২৪৩১ রাজধানী এক্সপ্রেসের বি-১ কোচ থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। ট্রেনের গার্ড বিষয়টি লক্ষ্য করে দ্রুত লোকো পাইলটকে সতর্ক করেন। এরপরই ট্রেন থামিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনার কাজ শুরু হয়।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বি-১ কোচে প্রায় ৬৮ জন যাত্রী ছিলেন। দ্রুত উদ্ধারকাজ শুরু হওয়ায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। আগুন যাতে আরও ছড়িয়ে না পড়ে, সে জন্য ক্ষতিগ্রস্ত দু’টি কামরা ট্রেন থেকে আলাদা করে দেওয়া হয়। পরে ওই কামরার যাত্রীদের অন্য বগিতে স্থানান্তরিত করা হয়।
ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের দাবি, সময়মতো আগুন ধরা না পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।
অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার স্বার্থে রেলের ওভারহেড বিদ্যুৎ সংযোগও সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়। কোটা রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, সব যাত্রী নিরাপদে রয়েছেন এবং তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য অতিরিক্ত কামরার ব্যবস্থা করা হচ্ছে।
ঠিক কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে শর্ট সার্কিটের সম্ভাবনার কথা উঠে এসেছে। রেল কর্তৃপক্ষ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.