জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে মঙ্গলবার পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে মোট ৫টি পদক্ষেপ করল ভারত। জলবণ্টন চুক্তি স্থগিত আরও কি কি….
বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে জরুরি বৈঠকে বসেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি (সিসিএস)। প্রায় ২ ঘন্টা ৩০ মিনিট ধরে সেই বৈঠক চলেছে। বৈঠক শেষের পর রাত ৯টা নাগাদ বিদেশ সচিব বিক্রম মিস্রী পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপের কথা ঘোষণা করেন।
১) ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। পাকিস্তান যত দিন না আন্তঃসীমান্তে সন্ত্রাসের প্রতি তার সমর্থন প্রত্যাহার করছে, তত দিন এই জলবণ্টন চুক্তি স্থগিত থাকবে।
২) অবিলম্বে বন্ধ করে দেওয়া হচ্ছে আট্টারি-ওয়াঘা সীমান্ত। উপযুক্ত নথিপত্র নিয়ে যাঁরা এই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন, তাঁদের ফিরে যেতে হবে এই সীমান্ত দিয়েই। তারজন্য ১ মে পর্যন্ত সময় দেওয়া হচ্ছে।
৩) ‘সার্ক ভিসা অব্যাহতি প্রকল্প’ (এসভিইএস)-এর অধীনে কোনও পাকিস্তানি নাগরিককে আর ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না। অতীতে এই ভিসায় প্রবেশের জন্য পাকিস্তানিদের যত অনুমতি দেওয়া হয়েছিল, তা সব বাতিল করা হচ্ছে। এই ভিসা প্রকল্পের অধীনে যে সমস্ত পাকিস্তানি বর্তমানে ভারতে আছেন, তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে হবে। উল্লেখ্য, এসভিইএস হল ‘সার্ক’-এর দেশগুলির (বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, মলদ্বীপ এবং শ্রীলঙ্কা) মধ্যে স্বাক্ষরিত একটি বিশেষ চুক্তি, যার মাধ্যমে ব্যক্তিগত ভিসা ছাড়াও নাগরিকেরা এই সাত দেশের মধ্যে যাতায়াত করতে পারেন। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার পর পাকিস্তানের ক্ষেত্রে এই অনুমতি তুলে নিচ্ছে ভারত।
৪) ইসলামাবাদে উপস্থিত ভারতীয় দূতাবাস থেকে নৌ উপদেষ্টা এবং বায়ু উপদেষ্টা প্রতিরক্ষা উপদেষ্টাকে ফিরিয়ে নিচ্ছে ভারত। পাশাপাশি তাঁদের সহকারীদেরও তুলে নেওয়া হচ্ছে। একই ভাবে, নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তানি দূতাবাসে প্রতিরক্ষা উপদেষ্টা, নৌ উপদেষ্টা এবং বায়ু উপদেষ্টাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হচ্ছে। ভারত ছাড়ার জন্য তাঁদেরকে ৭ দিন সময় দেওয়া হয়েছে।
৫) ভারতীয় দূতাবাসের সদস্য সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করা হচ্ছে।
আগামী ১ মে ২০২৫ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।
আরও পড়ুন,পহেলগাঁও হত্যাকান্ড ঘটনার পরেরটা আরও নির্মম! হাড়হিম অভিজ্ঞতা পল্লবীর
উল্লেখ্য,
মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হঠাৎ জঙ্গি হামলার ঘটনায় মোট ২৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং এক জন নেপালি নাগরিক রয়েছেন। অভিযোগ, জঙ্গিরা পর্যটকদের নাম জানতে চায়, পরিচয়ের ভিত্তিতে বেছে বেছে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের গুলি করা হয়েছে। এই ঘটনার পর তিন বাহিনীকেই সজাগ থাকার নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্রক। জারি করা হয়েছে উচ্চপর্যায়ের সতর্কতা।
আরও পড়ুন,পহেলগাঁওয়ে জঙ্গিহানায় মৃত পাটুলির যুবক বিতান, ৩ বছরের পুত্রকে নিয়ে কেঁদেই চলেছেন স্ত্রী

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.