বিশ্বের অন্যতম বৃহৎ বইমেলা হিসাবে খ্যাত জার্মানির ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক পুস্তকমেলায় এ বছর বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ভারত। ৭৭তম সংস্করণের এই মেলায় ‘ইণ্ডিয়া ন্যাশনাল স্ট্যান্ড’ ও ‘ইণ্ডিয়া স্টেজ’ ভারতীয় সাহিত্য, সংস্কৃতি ও ভাবনার অনন্য পরিচয় তুলে ধরেছে।
কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল বুক ট্রাস্ট (এনবিটি) এবং ফ্রাঙ্কফুর্টে ভারতের কনস্যুলেট জেনারেলের দফতরের যৌথ উদ্যোগে গড়ে ওঠে এই স্টল, যার প্রতিপাদ্য বিষয় ছিল — ‘পড়ুন এবং ভারত সম্পর্কে জানুন’ (Read and Know India)। উদ্বোধন করেন জার্মানিতে ভারতের কনসাল জেনারেল শুচিতা কিশোর, উপস্থিত ছিলেন এনবিটি চেয়ারম্যান মিলিন্দ সুধাকর মরাঠেসহ দেশি-বিদেশি অতিথিরা।
এ বছরের মেলায় ভারতের সবচেয়ে বড় আকর্ষণ ছিল ১৭টি ভারতীয় ভাষার শিশুপাঠ্য বইয়ের জার্মান অনুবাদ প্রকাশ। বাংলা ভাষার পক্ষ থেকে স্থান পেয়েছে ঐন্দ্রিলা মিত্রের লেখা ও প্রণবেশ মাইতির অলঙ্কৃত ‘একটি গাছ একলা’। এই অনুবাদ প্রকল্পে কাজ করেছেন অ্যাডেলে হ্যানিখ টেম্বে, সাবিনা মুলার, থমাস ভগেল, সাহিব কাপুর এবং জয়শ্রী হরি যোশী।
অনুষ্ঠানে কনসাল জেনারেল শুচিতা কিশোর বলেন, “এই অনুবাদগুলির ফলে প্রবাসী ভারতীয়দের সন্তানরা মাতৃভূমির সংস্কৃতির সান্নিধ্যে আসতে পারবে। একইসঙ্গে ইউরোপের পাঠকেরাও ভারতের আচার-সংস্কৃতি সম্পর্কে নতুনভাবে জানতে পারবেন।”
ভারতের ১২টি প্রকাশনা সংস্থা সরাসরি অংশগ্রহণ করেছে এই বইমেলায়, পাশাপাশি ৯০টিরও বেশি ভারতীয় প্রকাশনার বই প্রদর্শিত হয়েছে ভারতের মঞ্চে। ন্যাশনাল বুক ট্রাস্টের একাধিক বাংলা বইয়ের পাশাপাশি রামকৃষ্ণ মিশনের চারটি বই— ‘উদ্বোধন ১২৫’, ‘রামকৃষ্ণ মিশন ১২৫’, ‘ধ্যানলোকে শ্রীমা সারদা দেবী’ ও ‘মহাবীর শ্রী হনুমান’— প্রদর্শিত হয়েছে।
‘ইণ্ডিয়া স্টেজ’-এ আয়োজিত বিভিন্ন আলোচনাচক্রে যোগ দিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন, গ্রিস, ফিলিপিন্স, আলজিরিয়া ও কলম্বিয়ার বিশিষ্টজনেরা। বিশেষ আকর্ষণ ছিল ভারত–ফিলিপিন্স যৌথ আলোচনা, কারণ এ বছরের অতিথি দেশ ছিল ফিলিপিন্স।
জার্মান শিক্ষাবিদ রোমান মাইশ্ট, ম্যাথিয়াস কজ়াৎ ও ভিক্টর গ্যাটিস ভারতীয় শিক্ষাব্যবস্থা, আয়ুর্বেদ, যোগ ও বাস্তুশাস্ত্র বিষয়ে বিশদ আলোচনা করেন। ভারতের প্যাভিলিয়নের নকশা নির্মাণে দায়িত্বে ছিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন (এনআইডি), যেখানে মিথিলা শিল্পকলা ও জাতীয় পাখি ময়ূরের রঙের বৈচিত্র্যকে প্রাধান্য দিয়ে ভারতের বহুভাষিক ও বহুসাংস্কৃতিক ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হয়েছে।
ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ভারতীয় উপস্থিতি এ বছর শুধু সাহিত্য নয়, সাংস্কৃতিক বন্ধনেও নতুন অধ্যায় রচনা করল।
#FrankfurtBookFair #IndiaAtFrankfurt #IndianLiterature #Translation #BengaliBooks #NationalBookTrust #ReadAndKnowIndia #CulturalExchange #AindrilaMitra #GermanTranslation #ChildrensBooks #IndianCulture #BookFair2025 #LiteraryNews #GlobalLiterature

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.