বলিউডের তারকা সন্তানদের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। সেই তালিকায় অন্যতম সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান এবং অভিনেত্রী শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারী। দীর্ঘদিন ধরেই তাঁদের প্রেমের সম্পর্ক নিয়ে বলিপাড়ায় নানা আলোচনা চলছে। একাধিক অনুষ্ঠান থেকে শুরু করে পারিবারিক জমায়েত, বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে দু’জনকে। তবে এবার তাঁদের সম্পর্ক ঘিরেই তৈরি হয়েছে নতুন জল্পনা। শোনা যাচ্ছে, প্রায় তিন বছর একসঙ্গে থাকার পর নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন ইব্রাহিম ও পলক!
বলিউডের অন্দরমহলের খবর, এই সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নাকি নিয়েছেন ইব্রাহিম নিজেই। যদিও দু’জনের কেউই এখনও পর্যন্ত বিচ্ছেদের বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। ফলে এই খবরের সত্যতা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন।
উল্লেখযোগ্য বিষয় হল, চলতি মাসের গোড়াতেও রাজস্থানের রণথম্ভোরে সাফারিতে একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল ইব্রাহিম ও পলককে। কিন্তু তার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত সমাজমাধ্যমে একে অপরকে অনুসরণ করছেন তাঁরা। একটি সূত্রের দাবি, শীঘ্রই একটি সেলেব্রিটি টক শোয়ে অংশ নিতে পারেন ইব্রাহিম। সেই অনুষ্ঠানে গিয়ে নিজের কাজের বদলে ব্যক্তিগত জীবন এবং বিচ্ছেদ নিয়ে আলোচনা হোক, তা নাকি একেবারেই চান না সইফ-পুত্র। সেই কারণেই আপাতত বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনতে চাইছেন না তিনি।
এই প্রসঙ্গ সামনে আসতেই শুরু হয়েছে আরও একটি জল্পনা। তা হলে কি কর্ণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ কর্ণ’-এর নবম সিজ়নে দেখা যেতে পারে ইব্রাহিমকে? যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত নির্মাতাদের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। অন্য দিকে, ইব্রাহিম ও পলককে একসঙ্গে নিয়ে কয়েকটি শুটিংয়ের পরিকল্পনা ছিল বলেও শোনা যাচ্ছে। তবে সম্পর্কের টানাপড়েনের জেরে সেই কাজগুলির কয়েকটি বাতিল করা হয়েছে এবং কিছু শুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে বলে খবর।
ইব্রাহিম ও পলকের সম্পর্ক নিয়ে প্রথম জল্পনা শুরু হয়েছিল ২০২২ সালের জানুয়ারি মাসে। মুম্বইয়ের একটি রেস্তরাঁ থেকে দু’জনকে একসঙ্গে বেরোতে দেখা যায়। সেই সময় ছবিশিকারিদের ক্যামেরা এড়াতে মুখ লুকিয়েছিলেন পলক। তার পর থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে বিভিন্ন অনুষ্ঠানেও একসঙ্গে হাজির হতে দেখা যায় তাঁদের।

তবে এত আলোচনা সত্ত্বেও নিজেদের সম্পর্কের কথা কখনও স্বীকার করেননি ইব্রাহিম কিংবা পলক। বরং এক সাক্ষাৎকারে পলক জানিয়েছিলেন, তাঁরা শুধুই ভাল বন্ধু। তা হলে কি সেই বন্ধুত্বেও এবার দূরত্ব তৈরি হল? নাকি পুরোটাই বলিউডের অন্দরমহলের গুঞ্জন? আপাতত এই প্রশ্নের উত্তর অধরাই। কারণ, বিচ্ছেদ নিয়ে এখনও নীরব রয়েছেন দু’জনেই।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.