দেশের গণপরিবহণ ব্যবস্থায় মেট্রো রেল এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একের পর এক শহরে সম্প্রসারিত হচ্ছে মেট্রো পরিষেবা। আর সেই সম্প্রসারণের জেরেই বিশ্বে মেট্রো রেল নেটওয়ার্কের নিরিখে ভারত আরও এক ধাপ এগিয়ে যাওয়ার পথে। কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল খট্টরের দাবি, আগামী দুই বছরের মধ্যেই মেট্রো রেল নেটওয়ার্কের দৈর্ঘ্যে ভারত আমেরিকাকে ছাপিয়ে যেতে পারে।
শনিবার ইন্দোরে মেট্রো রেল পরিষেবার সম্প্রসারণ সংক্রান্ত একটি অনুষ্ঠানে দেশের মেট্রো নেটওয়ার্ক নিয়ে বড় বার্তা দেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানান, ইন্দোর মেট্রোর সম্প্রসারণের পর ভারতে মেট্রো রেল নেটওয়ার্কের মোট দৈর্ঘ্য প্রায় ১,১৭০ কিলোমিটারে পৌঁছেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে এই নেটওয়ার্কের দৈর্ঘ্য প্রায় ১,৩৮৬ কিলোমিটার। খট্টরের কথায়, বর্তমান পরিস্থিতিতে দু’দেশের মধ্যে ব্যবধান থাকলেও দ্রুত গতিতে মেট্রো পরিষেবা সম্প্রসারিত হচ্ছে ভারতে। তাঁর আশা, আগামী দুই বছরের মধ্যে আমেরিকাকে পিছনে ফেলে চিনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মেট্রো রেল নেটওয়ার্কের দেশ হয়ে উঠবে ভারত।
বর্তমানে মেট্রো রেল নেটওয়ার্কের নিরিখে বিশ্বে শীর্ষে রয়েছে চিন। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, চিনে প্রায় ৮,০০০ কিলোমিটার মেট্রো রেললাইন রয়েছে এবং দেশের ৫০টিরও বেশি শহর মেট্রো পরিষেবার আওতায় এসেছে। ফলে চিনের সঙ্গে ভারতের ব্যবধান এখনও অনেকটাই বেশি। তবে ভারতের দ্রুত সম্প্রসারণ সেই ব্যবধান ক্রমশ কমাচ্ছে।

ইন্দোরে প্রায় ২,৮৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত মেট্রো রেল পরিষেবার সম্প্রসারিত অংশের উদ্বোধনের পর এই মন্তব্য করেন খট্টর। তিনি মেট্রোকে শুধুমাত্র যাতায়াতের মাধ্যম হিসেবে দেখার পরিবর্তে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের অন্যতম হাতিয়ার হিসেবেও তুলে ধরেন। তাঁর মতে, মেট্রো রেলের বিস্তার ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার বৃহত্তর লক্ষ্যের সঙ্গেও যুক্ত।
আরও পড়ুন,
বিপদ কেটেও কাটেনি ভয়! সফল ট্রায়ালের পরও নিউ ফরাক্কার আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ কেন?
কলকাতা মেট্রোরও রয়েছে দীর্ঘ ইতিহাস
ভারতের মেট্রো ব্যবস্থার ইতিহাসে কলকাতার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। কলকাতা মেট্রো দেশের প্রাচীনতম মেট্রো পরিষেবাগুলির অন্যতম। এর পরিকল্পনা ১৯২০-এর দশকে করা হলেও নির্মাণকাজ শুরু হয় ১৯৭০-এর দশকে। এরপর ১৯৮৪ সালে ভবানীপুর, বর্তমানে নেতাজি ভবন, থেকে এসপ্ল্যানেড পর্যন্ত প্রথম ভূগর্ভস্থ অংশ চালু হয়। পরবর্তী সময়ে কলকাতা মেট্রোর পরিধি ধীরে ধীরে বাড়তে থাকে। পূর্ব-পশ্চিম করিডোরের সল্ট লেক সেক্টর ৫ থেকে সল্ট লেক স্টেডিয়াম পর্যন্ত অংশ ২০২০ সালে চালু হওয়ার পর এই নেটওয়ার্ক আরও বিস্তৃত হয়। বর্তমানে কলকাতা মেট্রো শহরের বিভিন্ন প্রান্তের মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম।
দেশের মেট্রো রেল ব্যবস্থার সম্প্রসারণে কলকাতার এই ঐতিহাসিক ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ভারতের মেট্রো নেটওয়ার্ক যখন দ্রুত বাড়ছে, তখন আগামী কয়েক বছরে বিশ্বের মেট্রো মানচিত্রে দেশের অবস্থান আরও শক্তিশালী হয় কি না, সেটাই এখন দেখার।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.