দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরেছেন জিৎ। গত ১৪ অগস্ট মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। অনন্ত সিংহের চরিত্রে জিৎকে দেখা গিয়েছে একেবারে ভিন্ন অবতারে। ছবিতে অভিনেতার মোট ৯টি লুক দর্শকদের নজর কেড়েছে। ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন টলিউডের একাধিক তারকা। সপরিবারে এসেছিলেন জিৎ। বন্ধুকে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন কোয়েলও। পাশাপাশি প্রিমিয়ারে দেখা যায় কাঞ্চন মল্লিক ও শ্রীময়ীকেও।
প্রিমিয়ারে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জিৎকে নিয়ে নিজের মনের কথা অকপটে জানান শ্রীময়ী। অভিনেত্রী বলেন, ‘জিৎদা আমার ছোটবেলার ক্রাশ। এটা আমি আগেও বলেছি। আমি ভীষণ ভালোবাসি জিৎদাকে। আমি আগেই মোহনাদির থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি।’ তবে জিৎকে নিয়ে তাঁর এই ভালো লাগাকে নিছকই তারকার প্রতি ক্রাশ হিসেবে দেখেছেন শ্রীময়ী। তাঁর কথায়, কাউকে ভালো লাগতেই পারে, ক্রাশ থাকতেই পারে। কিন্তু সেই সঙ্গে গোলাপ ও গাঁদা ফুলের পার্থক্যও বুঝতে হবে।
শ্রীময়ীর মজার মন্তব্য, ‘জিৎদা তাই গোলাপ ফুল, আর কাঞ্চন আমার গোলাপ ফুল, সারা বছরই আমার লাগে।’ তাঁর এই মন্তব্যে প্রিমিয়ারের পরিবেশও বেশ হালকা হয়ে ওঠে। কিছুদিন আগেই মা হয়েছেন শ্রীময়ী। একদিকে তাঁর ২১ মাসের বড় সন্তান, অন্যদিকে মাত্র ২১ দিনের ছোট সন্তান—দুই সন্তানকে সামলে এখন ব্যস্ত সময় কাটছে তাঁর। এত ব্যস্ততার মধ্যেও জিতের কামব্যাক ছবি দেখার সুযোগ হাতছাড়া করেননি অভিনেত্রী।
‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবির ট্রেলারেই জিতের চরিত্রকে ঘিরে একাধিক চমক সামনে এসেছিল। অনন্ত সিংহকে শুধু একজন বিপ্লবী হিসেবে নয়, একজন দায়িত্ববান ভারতীয় হিসেবেও তুলে ধরা হয়েছে ছবিতে। স্বাধীনতা সংগ্রামের এমন একটি অধ্যায়কে কেন্দ্র করে তৈরি হয়েছে গল্প, যা অনেকের কাছেই অজানা। দেশের স্বাধীনতার পাশাপাশি আগামী প্রজন্মের সুরক্ষিত ভবিষ্যতের কথাও অনন্তের লড়াইয়ের অন্যতম উদ্দেশ্য হিসেবে দেখানো হয়েছে। তাঁর এই সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুসহ আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
ছবিতে কৌশিক সেন থেকে চন্দন সেন—প্রত্যেকেই নিজেদের চরিত্রে নজর কেড়েছেন। প্রিয়াঙ্কার অভিনয়ও প্রশংসা পেয়েছে। পুলিশের চরিত্রে টোটা রায়চৌধুরীকেও বেশ আলাদা অবতারে দেখা গিয়েছে।
আর জিৎ? ছবির প্রতিটি লুকেই অনন্ত সিংহের চরিত্রকে আলাদা মাত্রা দিয়েছেন তিনি। প্রায় দুই বছর পর বড় পর্দায় জিতের এই ভিন্নধারার প্রত্যাবর্তন নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। মুক্তির প্রথম দিনেই ছবির বক্স অফিস রিপোর্টও আশাব্যঞ্জক বলে জানা যাচ্ছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.