Koushani: নতুন বছরের শুরুতে সকলের কাছে আশীর্বাদ ও ভালোবাসা চাইলেন অভিনেত্রী কৌশানী মুখার্জী (Koushani)। আমরা প্রত্যেকেই জানি বাংলা নববর্ষ মানেই বাঙালীদের বিশেষ উৎসবের দিন। এই দিন পুরনো সমস্ত কিছু ফেলে নতুনের আহ্বানে মেতে ওঠেন তারা। নতুন জামা, খাওয়া-দাওয়া, আড্ডা সবমিলিয়ে জমজমাট হয়ে ওঠে দিনটি।
সাধারণ মানুষ হোক বা সেলিব্রিটি প্রত্যেকেই এই বিশেষ দিনটি ভীষণ আনন্দের সাথে পালন করতে পছন্দ করেন। সেই তালিকাতেই রয়েছেন অভিনেত্রী কৌশানী। যতই জীবনে তারকাসুলভ বিলাসিতা আসুক না কেন নিজের ঐতিহ্যকে ভুলে যাননি তিনি। সেই বিষয়টি দেখা গেল তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
এদিন একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে তার পরনে রয়েছে হালকা গোলাপি রঙের একটি জামদানি শাড়ি। সাথে মানানসই গয়নায় অনন্যা হয়ে উঠেছিলেন তিনি। পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘সকলকে জানাই শুভ নববর্ষ ..সারা বছর এভাবেই আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে যেন এগিয়ে যেতে পারি।’
যা দেখার পর তাকেও নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। প্রত্যেকেই কামনা করেছেন তার আগামী দিনগুলো সুখ-শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক। একইসাথে তার জীবনের নতুন অধ্যায় শুরুর বিষয়েও শুভকামনা জানাতে ভোলেননি।
অনেকে লিখেছেন তিনি যেন তার প্রেমিক বনি সেনগুপ্তের সাথে আগামী দিনে সুখে সংসার করতে পারেন। উল্লেখ্য, কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় সমুদ্রসৈকত ভ্রমণের বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। যেখানে দেখা যায় কাছের বন্ধুবান্ধব এবং প্রেমিকের সাথে অবসর সময় কাটাতে গিয়েছেন তিনি।

Sudeshna has been writing entertainment reports since 2021.