পোশাক বিতর্কে কৃতির পাশে রাহুল গান্ধী, বললেন ‘মহিলারা কী পরবেন, সেটা তাঁদের সিদ্ধান্ত’

রাখি বন্ধন উপলক্ষে একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে অভিনেত্রী কৃতি শ্যাননের পোশাক নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, এবার তাতে রাজনৈতিক রং লাগল। কৃতির পোশাক নিয়ে বিজেপি সাংসদ কঙ্গনা রনৌতের সমালোচনার পর অভিনেত্রীর পাশে দাঁড়ালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় কৃতির বক্তব্য শেয়ার করে মহিলাদের পোশাক এবং ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

রাখি বন্ধন উপলক্ষে একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা যায় কৃতি শ্যাননকে। অফ-হোয়াইট রঙের ইন্দো-ওয়েস্টার্ন পোশাকে ছিলেন অভিনেত্রী। ব্লাউজ, কেপ এবং ড্রেপ করা স্কার্টের সংমিশ্রণে তৈরি হয়েছিল তাঁর সাজ। বিজ্ঞাপনের একটি দৃশ্যে ভাইয়ের হাতে রাখি বাঁধতে দেখা যায় কৃতিকে। পরে একটি পোষ্য কুকুরকেও রাখি পরিয়ে দেন তিনি।

বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসার পরই কৃতির পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাংশের মধ্যে সমালোচনা শুরু হয়। সেই বিতর্কে সরাসরি মুখ খোলেন কঙ্গনা রনৌতও। অভিনেত্রীর পোশাক নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এরপর নিজের অবস্থান ব্যাখ্যা করেন কৃতি। ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি জানান, তাঁর কাছে রক্ষাবন্ধন শুধুমাত্র ভাইয়ের সঙ্গে বোনের সম্পর্কের উৎসব নয়। এটি পারস্পরিক সুরক্ষা, ভালোবাসা এবং দায়িত্বের বন্ধন। কৃতি আরও জানান, তাঁর বোনের সঙ্গেও তাঁরা একে অপরকে রাখি বাঁধেন। কারণ তাঁদের বিশ্বাস, একজন বোনও তাঁর ভাইয়ের মতোই অন্য বোন বা ভাইকে রক্ষা করতে পারেন।

কৃতির সেই বক্তব্যই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন রাহুল গান্ধী। অভিনেত্রীর বক্তব্যকে সমর্থন করে তিনি বলেন, একজন মহিলা কী পরবেন, কী করবেন এবং কোথায় যাবেন—সেটা তাঁর নিজের সিদ্ধান্ত। একইসঙ্গে অনলাইনে নিজেদের পছন্দ ও স্বাধীনতা অনুযায়ী চলা মহিলাদের ট্রোল না করারও আবেদন জানান তিনি।

ফলে কৃতির একটি বিজ্ঞাপনকে ঘিরে শুরু হওয়া পোশাক বিতর্ক এখন নতুন মাত্রা পেয়েছে। একদিকে কঙ্গনা রনৌতের সমালোচনা, অন্যদিকে রাহুল গান্ধীর সমর্থন—দুই ভিন্ন রাজনৈতিক অবস্থানের দুই জনপ্রতিনিধির বক্তব্য ঘিরে বিষয়টি আরও চর্চায় এসেছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক