রাখিবন্ধন উপলক্ষে একটি গয়নার ব্র্যান্ডের বিজ্ঞাপনে অভিনয় করে সমাজমাধ্যমে বিতর্কে জড়ালেন অভিনেত্রী কৃতি সেনন। বিজ্ঞাপনে তাঁর পোশাক নিয়ে আপত্তি তুলেছেন নেটাগরিকদের একাংশ। তাঁদের প্রশ্ন, রাখির মতো ঐতিহ্যবাহী উৎসবের সঙ্গে কৃতির পোশাক ও বিজ্ঞাপনের উপস্থাপনা কতটা মানানসই।
বিজ্ঞাপনে কৃতিকে ঘিয়ে রঙের ব্রালেট-ধাঁচের ব্লাউজের সঙ্গে ফিনফিনে জ্যাকেট ও স্কার্টে দেখা গিয়েছে। বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসার পরই সমাজমাধ্যমে শুরু হয় সমালোচনা। কেউ কৃতির পোশাককে ‘অতিরিক্ত খোলামেলা’ বলে মন্তব্য করেছেন, আবার কারও দাবি, ভারতীয় উৎসবকে কেন্দ্র করে এমন উপস্থাপনা একেবারেই মানানসই নয়। কয়েক জন নেটাগরিক বিজ্ঞাপনের ভাবনাকেও ‘নিম্নরুচির’ এবং ‘লজ্জাজনক’ বলে কটাক্ষ করেছেন।
তবে বিতর্কের কেন্দ্র শুধু কৃতির পোশাক নয়। বিজ্ঞাপনে অভিনেত্রীকে একটি সারমেয়র হাতে রাখি পরাতেও দেখা গিয়েছে। পোষ্যটিকে পরিবারের সদস্য হিসেবে তুলে ধরে তার হাতেও রাখি বাঁধেন কৃতি। এই দৃশ্য নিয়েও আপত্তি জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। তাঁদের প্রশ্ন, রাখিবন্ধনের মতো একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানে এমন উপস্থাপনার প্রয়োজন ছিল কি না।
সমাজমাধ্যমে এক নিন্দুক প্রশ্ন তুলেছেন, বিজ্ঞাপনে পুজোর থালা বা তিলকের মতো রাখির প্রচলিত উপকরণ কোথায়। তাঁর দাবি, ভাইয়ের সামনে কৃতির পোশাকও উৎসবের আবহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আবার কেউ কেউ মনে করেছেন, ব্র্যান্ডের প্রচারের ক্ষেত্রে এ ভাবে ঐতিহ্যবাহী উৎসবকে উপস্থাপন করা ঠিক হয়নি।
অন্যদিকে, এই বিজ্ঞাপনকে সমর্থনও করেছেন অনেকে। কৃতির অনুরাগী এবং পোষ্যপ্রেমীদের একাংশের মতে, পোষ্যরা বহু মানুষের কাছেই পরিবারের সদস্যের মতো। কেউ কেউ তাঁদের ভাই-বোনের মতোই ভালোবাসেন। তাই পোষ্যের হাতে রাখি পরানোর ভাবনায় আপত্তির কিছু নেই বলেই তাঁদের মত।
পোশাক নিয়েও কৃতির অনুরাগীদের একাংশের আপত্তি নেই। তাঁদের মতে, বিজ্ঞাপনটি একটি আধুনিক ভাবনা থেকে তৈরি এবং পোশাক বা উপস্থাপনাকে ঘিরে অতিরিক্ত সমালোচনা করা হচ্ছে।
যদিও বিজ্ঞাপনটি নিয়ে তৈরি হওয়া বিতর্ক সম্পর্কে এখনও পর্যন্ত কৃতি সেননের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সমাজমাধ্যমে তাঁর পোশাক এবং পোষ্যের হাতে রাখি পরানোর দৃশ্য নিয়ে আলোচনা অব্যাহত।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.