বাংলা টেলিভিশনের পরিচিত চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় ফের একবার বিতর্কের কেন্দ্রে। বহু বছর ধরে সম্পর্কের জটিলতা, পরকীয়া, পারিবারিক সংঘাত এবং ত্রিকোণ প্রেমকে কেন্দ্র করে ধারাবাহিক নির্মাণের জন্য পরিচিত এই লেখিকা এবার হিন্দি টেলিভিশনে নতুন সিরিয়াল নিয়ে আসছেন। স্টার প্লাসে সম্প্রচারিত হতে চলা নতুন ধারাবাহিক ‘সয়রাব’ ঘিরে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
সূত্রের খবর, এই ধারাবাহিকের মূল কাহিনি আবর্তিত হবে এক সিঙ্গল মাদার এবং তাঁর মেয়েকে কেন্দ্র করে। গল্পে দেখা যাবে জনপ্রিয় এক তরুণ রকস্টারের প্রতি আকৃষ্ট হয় মেয়েটি। কিন্তু পরে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায়, যেখানে সেই যুবকের সঙ্গে মেয়ের মায়ের আবেগঘন সম্পর্কের ইঙ্গিত সামনে আসে। এই সম্পর্কের সমীকরণ নিয়েই শুরু হয়েছে দর্শকদের একাংশের সমালোচনা।
ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে রোহিত চন্দেল এবং মাদিরাক্ষী মুন্ডলে-কে। মাদিরাক্ষী অতীতে পৌরাণিক ধারাবাহিকে সীতার চরিত্রে অভিনয়ের জন্য বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সেই অভিনেত্রীকে এবার সম্পূর্ণ ভিন্ন ধরনের এক আধুনিক ও বিতর্কিত সম্পর্কের গল্পে দেখা যাবে বলেই জল্পনা তৈরি হয়েছে।
প্রকাশ্যে আসা প্রোমো অনুযায়ী, রোহিত অভিনীত রকস্টার চরিত্র ঈশানকে প্রথমে ভালোবাসতে শুরু করে উজ্জয়িনী নামে এক তরুণী। কিন্তু পরে জানা যায়, ঈশানের আসল আকর্ষণ মেয়েটির মা নয়নিকার প্রতি। এই টানাপোড়েন থেকেই তৈরি হবে সিরিয়ালের মূল নাটকীয়তা।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন, পারিবারিক সম্পর্কের সংবেদনশীল বিষয়কে কেন্দ্র করে এমন গল্প দেখানো কতটা গ্রহণযোগ্য। কেউ কেউ আবার দাবি করেছেন, এই কাহিনির মধ্যে বিদেশি ছবির প্রভাব রয়েছে। বিশেষ করে হলিউড ছবি The Idea of You-এর সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন দর্শকদের একাংশ।
তবে অন্য একটি অংশের মত, আধুনিক সমাজে সম্পর্কের বাস্তবতা এবং মানসিক জটিলতা নিয়েও গল্প বলা উচিত। তাঁদের মতে, বিতর্কিত বিষয় মানেই তা অগ্রহণযোগ্য নয়; বরং দর্শকের প্রতিক্রিয়াই শেষ পর্যন্ত ধারাবাহিকের ভবিষ্যৎ ঠিক করবে।
বাংলা টেলিভিশনে দীর্ঘদিন কাজ করার পর এবার হিন্দি দর্শকদের জন্য নতুন কনটেন্ট নিয়ে আসছেন লীনা গঙ্গোপাধ্যায় ও তাঁর প্রযোজনা সংস্থা। ‘সয়রাব’ সম্প্রচারের আগেই যে পরিমাণ আলোচনা তৈরি হয়েছে, তাতে স্পষ্ট এই সিরিয়াল টেলিভিশন দুনিয়ায় বড়সড় বিতর্কের জন্ম দিতে চলেছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.