জুবিন গর্গের অপ্রকাশিত দুই গান নিয়ে তৈরি হচ্ছে ‘লাভ ইউ জুবিনদা’

অসমের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের স্মৃতি ও প্রভাবকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন মিউজিক্যাল ড্রামা ‘লাভ ইউ জুবিনদা’। ছবিটির গল্প, সঙ্গীত পরিচালনা এবং পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন শ্রী প্রীতম। প্রযোজক হিসেবে রয়েছেন এমডি ফারুক উদ্দিন।

ছবির গল্পের কেন্দ্রে রয়েছে বিশাল নামে এক তরুণ গায়ক, যার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা জুবিন গর্গ। ছোটবেলা থেকেই প্রিয় শিল্পীর সঙ্গে দেখা করার স্বপ্ন দেখলেও নানা কারণে সেই সুযোগ তার হয়ে ওঠে না। নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কঠোর পরিশ্রম করে সে সাফল্যের খুব কাছে পৌঁছে যায়। কিন্তু ঠিক সেই সময় জীবনে নেমে আসে এক অপ্রত্যাশিত সংকট। ব্যক্তিগত সংগ্রাম এবং শৈশবের স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষার টানাপোড়েন নিয়েই এগিয়ে যায় ছবির কাহিনি।

এই ছবির অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে জুবিন গর্গের দুটি অপ্রকাশিত গান। প্রথমবারের মতো এই গান দুটি সিনেমার মাধ্যমে দর্শক ও শ্রোতাদের সামনে আসবে। নির্মাতাদের আশা, এই বিশেষ সংযোজন ছবির আবেগকে আরও গভীর করে তুলবে।

পরিচালক শ্রী প্রীতম জানিয়েছেন, দীর্ঘদিন ধরে জুবিন গর্গের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকেই এই ছবির ভাবনা তাঁর মাথায় আসে। শিল্পীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতেই তিনি এই সিনেমা নির্মাণের উদ্যোগ নেন। গল্প শোনার পর প্রযোজক এমডি ফারুক উদ্দিনও ছবিটি নির্মাণে সম্মতি দেন। পরে জুবিন গর্গের স্ত্রী গরিমা গর্গের প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পর শুরু হয় ছবির কাজ।

এই ছবির মাধ্যমে নায়িকা হিসেবে বড়পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন বর্ষা সেনগুপ্ত। তিনি জানিয়েছেন, জুবিন গর্গের সঙ্গে পরিচয় এবং তাঁর কাছ থেকে পাওয়া স্নেহ ও ভালোবাসার স্মৃতি এখনও তাঁর কাছে অত্যন্ত মূল্যবান। ছবির পরিকল্পনা থেকে চিত্রনাট্য তৈরির প্রতিটি ধাপের সঙ্গে যুক্ত থাকতে পেরে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন।

অন্যদিকে, ছবির নায়ক ইকবাল রহিমি বলেন, জুবিন গর্গ কেবল একজন সংগীতশিল্পী নন, তিনি বহু মানুষের অনুপ্রেরণার উৎস। তাঁর নামের সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য মানুষের আবেগ, তাই এই প্রকল্পের অংশ হতে পারা তাঁর কাছে বিশেষ সম্মানের।

‘লাভ ইউ জুবিনদা’ ছবিতে প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে বর্ষা সেনগুপ্ত ও ইকবাল রহিমিকে। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, গীতাবলী রাজকুমারী, অভিজিৎ গুহ, পার্থপ্রতিম গোস্বামী, ভায়োলিনা বরদলৈ, সৌরভ চট্টোপাধ্যায় এবং মধুমিতা গুপ্ত।

ছবিটির পোস্টার প্রকাশ করা হবে অসমের গুয়াহাটিতে। বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জুবিন গর্গের স্ত্রী গরিমা গর্গ। নির্মাতাদের আশা, এই সিনেমা শুধু একজন শিল্পীকে স্মরণ করবে না, বরং তাঁর সৃষ্টির প্রতি মানুষের আবেগ ও ভালোবাসাকেও নতুন করে তুলে ধরবে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক