কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ Mahua Moitra-কে ঘিরে নতুন রাজনৈতিক ও আইনি বিতর্ক তৈরি হয়েছে। অপারেশন সিঁদুর এবং ভারতীয় সেনাবাহিনী সম্পর্কিত তাঁর একটি মন্তব্যকে কেন্দ্র করে কৃষ্ণনগর এসিজেএম আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাকারী গৌরাঙ্গ দে নামে এক ব্যক্তি দাবি করেছেন, সাংসদের বক্তব্য দেশের সেনাবাহিনী ও সাধারণ মানুষের আবেগে আঘাত হেনেছে।
সূত্রের খবর, সম্প্রতি সাংবাদিকদের সামনে অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য করেছিলেন মহুয়া মৈত্র। সেই মন্তব্যকে “অসম্মানজনক” এবং “আপত্তিকর” বলে অভিযোগ তুলেছেন মামলাকারী। তাঁর বক্তব্য, ভারতীয় সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তার প্রতীক নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও সম্মানের জায়গা ধরে রেখেছে। তাই একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন মন্তব্য প্রত্যাশিত নয় বলেই দাবি তাঁর।
ঘটনার সূত্রপাত গত বছরের ২২ এপ্রিলের জঙ্গি হামলাকে কেন্দ্র করে। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় হামলায় প্রাণ হারান ২৬ জন সাধারণ মানুষ। এরপর জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হিসেবে ভারতীয় সেনা ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে। সেই অভিযানের প্রসঙ্গেই মহুয়ার মন্তব্য বিতর্কের কেন্দ্রে আসে বলে অভিযোগ।
মামলাকারী গৌরাঙ্গ দে জানিয়েছেন, একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। তাঁর দাবি, দেশের সেনাবাহিনীকে অপমান করে কোনও জনপ্রতিনিধি দায় এড়িয়ে যেতে পারেন না। পাশাপাশি তিনি আদালতের কাছে মহুয়া মৈত্রর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপের আবেদন জানিয়েছেন এবং প্রকাশ্যে সেনাবাহিনীর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিও তুলেছেন।
আইনজীবী মহলের সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগর এসিজেএম আদালত প্রাথমিকভাবে মামলাটি গ্রহণ করেছে। আগামী দিনে এই মামলার শুনানিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে বিতর্ক আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই বিরোধী শিবিরের একাংশ মহুয়ার মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত মহুয়া মৈত্রর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.