গরমের দিনে তীব্র রোদ, ধুলো আর দূষণের কারণে ত্বকের স্বাভাবিক জেল্লা হারিয়ে যায় খুব সহজেই। অনেকেরই ত্বকে ট্যান পড়ে, আবার কারও মুখ শুষ্ক ও নিষ্প্রাণ হয়ে ওঠে। এই সময় বাজারচলতি প্রসাধনীর বদলে ভরসা রাখা যেতে পারে ঘরোয়া কিছু প্রাকৃতিক উপাদানের উপর। আর সেই তালিকায় অন্যতম হতে পারে পাকা আমের খোসা।
গ্রীষ্মকাল মানেই আমের মরসুম। কিন্তু ফল খাওয়ার পর অধিকাংশ মানুষই খোসা ফেলে দেন। অথচ ত্বকের যত্নে এই আমের খোসাই হতে পারে অত্যন্ত কার্যকর একটি উপাদান। বিশেষজ্ঞদের মতে, পাকা আমের খোসায় ভরপুর পরিমাণে ভিটামিন এ, সি এবং ই থাকে, যা ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে। পাশাপাশি ত্বকের কোলাজেন উৎপাদনেও সহায়তা করে এই উপাদানগুলি। ফলে ত্বক আরও মসৃণ ও টানটান দেখায়।
ঘরেই খুব সহজে তৈরি করা যায় এই বিশেষ ফেসপ্যাক। এর জন্য প্রয়োজন মাত্র তিনটি উপকরণ— পাকা আমের খোসা, এক টেবিল চামচ টক দই এবং এক টেবিল চামচ মধু।

প্রথমে আম ভালো করে ধুয়ে খোসা আলাদা করে নিতে হবে। এরপর সেই খোসা ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে মিহি করে বেটে নিতে হবে। এবার সেই মিশ্রণের সঙ্গে টক দই ও মধু ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে প্রাকৃতিক ফেসপ্যাক।
তবে প্যাক ব্যবহারের আগে মুখ পরিষ্কার করে নেওয়া জরুরি। মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ত্বক পরিষ্কার করে নিতে হবে, যাতে ধুলো বা অতিরিক্ত তেল না থাকে। এরপর ব্রাশ বা আঙুলের সাহায্যে পুরো মুখে সমানভাবে প্যাক লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। শুকিয়ে এলে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। শেষে ত্বকের ধরন অনুযায়ী একটি ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করলে উপকার মিলবে আরও বেশি।
নিয়মিত এই প্যাক ব্যবহার করলে রোদে পোড়া ভাব কমার পাশাপাশি ত্বক আরও সতেজ, কোমল ও উজ্জ্বল দেখাতে পারে। প্রাকৃতিক উপাদানে তৈরি হওয়ায় এতে রাসায়নিকের ঝুঁকিও কম।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.