বিশ্বকর্মা পুজোর পরেই রাশিচক্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে। শক্তি, সাহস, তেজ ও কর্মশক্তির কারক গ্রহ মঙ্গল রাশি পরিবর্তন করে কর্কটে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কর্কট রাশিতে মঙ্গল নীচস্থ অবস্থানে থাকে। ফলে এই গোচরের প্রভাব বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের জন্য প্রতিকূল হতে পারে বলে মনে করা হয়।
আগামী ১৮ সেপ্টেম্বর, শুক্রবার বিকেল ৪টে ৪১ মিনিটে মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করবে। এই রাশিতে প্রায় ১২ নভেম্বর পর্যন্ত অবস্থান করবে লাল গ্রহ। প্রচলিত জ্যোতিষমতে, মঙ্গলের নীচস্থ অবস্থান কর্মজীবন, অর্থ, স্বাস্থ্য, পারিবারিক বিষয় এবং শত্রুতার ক্ষেত্রে নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
বিশেষ করে ৪ রাশির জাতক-জাতিকাদের এই সময়ে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশির উপর পড়তে পারে এই গোচরের প্রভাব।
মিথুন রাশি

মিথুন রাশির জাতকদের জন্য মঙ্গলের এই গোচর খুব একটা স্বস্তিদায়ক নাও হতে পারে বলে জ্যোতিষমতে মনে করা হয়। এই সময়ে কথা বলার ক্ষেত্রে বিশেষ সংযম প্রয়োজন। রাগের মাথায় বলা কোনও কটু কথা সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে।
শারীরিক অস্বস্তি এবং মানসিক অস্থিরতাও বাড়তে পারে। অকারণ দুশ্চিন্তা মনকে ব্যস্ত রাখতে পারে। পাশাপাশি কুসঙ্গ এড়িয়ে চলা জরুরি। অসতর্কতার কারণে আচমকা কোনও ক্ষতির মুখে পড়ার আশঙ্কাও রয়েছে।
কর্কট রাশি

মঙ্গল স্বয়ং কর্কট রাশিতে নীচস্থ অবস্থায় প্রবেশ করবে। তাই এই রাশির জাতক-জাতিকাদের উপর গোচরের প্রভাব তুলনামূলকভাবে বেশি পড়তে পারে বলে মনে করা হচ্ছে। মানসিক চাপ এবং পারিবারিক দুশ্চিন্তা বাড়তে পারে।
বিশেষ করে মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। গাড়ি চালানোর সময় সতর্ক থাকা প্রয়োজন। হঠাৎ কোনও বড় খরচ এসে সংসারের বাজেটেও চাপ ফেলতে পারে। পাশাপাশি গোপন শত্রুদের নিয়ে সতর্ক থাকা এবং অযথা বিবাদ এড়িয়ে চলাই ভালো।
সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের ক্ষেত্রে মঙ্গলের এই অবস্থান অতিরিক্ত ব্যয়ের পরিস্থিতি তৈরি করতে পারে। জমি, বাড়ি বা অন্য কোনও স্থাবর সম্পত্তি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত দিক ভালোভাবে যাচাই করে নেওয়া প্রয়োজন।
অসতর্কতার কারণে সম্পত্তি সংক্রান্ত আইনি জটিলতাও দেখা দিতে পারে বলে জ্যোতিষমতে আশঙ্কা করা হচ্ছে। আদালত বা আইনি বিষয়ে জড়িয়ে পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। পড়ুয়াদের জন্যও সময়টি কিছুটা চাপের হতে পারে। তাই এই সময়ে ধৈর্য ধরে এগোনো জরুরি।
ধনু রাশি

ধনু রাশির জাতক-জাতিকাদের জন্যও নীচস্থ মঙ্গলের গোচর নানা প্রতিকূলতার ইঙ্গিত দিচ্ছে বলে জ্যোতিষমতে মনে করা হয়। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা অফিসের রাজনীতির কারণে সমস্যায় পড়তে পারেন।
গোপন শত্রুদের নিয়েও সতর্ক থাকতে হবে। খাবারের বিষয়ে অনিয়ম করলে পেটের সমস্যা দেখা দিতে পারে। সন্তানকে ঘিরেও মানসিক উদ্বেগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অর্থ লেনদেনের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন।
কী করবেন?
জ্যোতিষশাস্ত্রের প্রচলিত বিশ্বাস অনুযায়ী, মঙ্গলের নীচস্থ অবস্থানকে ঘিরে এই চার রাশির জাতক-জাতিকাদের রাগ ও তাড়াহুড়ো এড়িয়ে চলা, অর্থ লেনদেনে সতর্ক থাকা এবং যানবাহন ব্যবহারে সাবধানতা অবলম্বন করা উচিত। তবে জ্যোতিষীয় ফলাফল বিশ্বাস ও মতভেদভেদে আলাদা হতে পারে।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.