২৮ অগস্ট মুক্তির কথা ছিল প্রিয়াঙ্কা সরকার ও সোহম মজুমদার অভিনীত বাংলা ছবি ‘মায়া সত্য ভ্রম’-এর। কিন্তু মুক্তির মুখে পশ্চিমবঙ্গের সিনেমাহল নিয়ে সমস্যায় পড়েছে শমীক রায় চৌধুরী পরিচালিত এই স্বাধীন বাংলা ছবি। ছবির টিমের অভিযোগ, রাজ্যে পর্যাপ্ত হল না পাওয়ায় দর্শকদের কাছে পৌঁছনোর সুযোগই মিলছে না তাঁদের।
মঙ্গলবার রাতে ফেসবুক লাইভে এসে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ছবির পরিচালক-প্রযোজক শমীক রায় চৌধুরী এবং অভিনেতা সোহম মজুমদার। তাঁদের দাবি, নন্দন ও রাধা-সহ মাত্র তিনটি হলে ‘মায়া সত্য ভ্রম’ জায়গা পেয়েছে। ফলে মুক্তির পরেও ছবিটির প্রদর্শনের সুযোগ অত্যন্ত সীমিত হয়ে যাচ্ছে। ছবির টিমের বক্তব্য, এই সপ্তাহে মাত্র একটি বাংলা ছবি মুক্তি পাচ্ছে। অথচ নিজের রাজ্যেই সেই ছবির জন্য পর্যাপ্ত স্ক্রিন পাওয়া যাচ্ছে না। শমীকের দাবি, ‘টক্সিক’ ছবিকে ৯০ শতাংশ থেকে ১০০ শতাংশ স্ক্রিন দেওয়ার শর্তেই নাকি নির্দিষ্ট প্রযোজনা সংস্থা ছবিটি মুক্তি দিচ্ছে। যদিও ‘টক্সিক’-এর বিরুদ্ধে তাঁদের ব্যক্তিগত কোনও বিরোধিতা নেই বলেই স্পষ্ট করেছেন সোহম।
সোহম বলেন, “একটা বাংলা ছবি বাংলায় জায়গা পাবে না। এমন নয়, আমরা কম শো পাচ্ছি, আমরা শো-ই পাচ্ছি না।” তাঁর কথায়, পরিস্থিতি এতটাই হতাশাজনক যে এই বিষয়ে সরব হওয়ার জন্য তাঁদের লাইভ করতে হচ্ছে। তিনি আরও জানান, নিয়ম মেনেই ছবিটি তৈরি হয়েছে এবং বিনামূল্যে হল চাওয়ারও কোনও দাবি তাঁদের নেই। অভিনেতার বক্তব্য, তিনটি শো পেলেও তাঁরা ২৮ অগস্ট ছবিটি মুক্তি দেবেন। বিষয়টির শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। সোহমের যুক্তি, অন্য ভাষার ছবির ক্ষেত্রে নিজেদের রাজ্যে এমন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কম। বাংলা ছবির ক্ষেত্রে এই ধরনের ‘বুলিং’ মেনে নেওয়া যায় না বলেই তাঁর দাবি।
আরও পড়ুন,
প্রযোজক-পরিচালকদের সঙ্গে ঘনিষ্ঠতা? নায়িকার গতিবিধিতে নজর রাখতে গোয়েন্দা নিয়োগ শ্বশুরবাড়ির
সোহম আরও বলেন, বিষয়টি নিয়ে নির্দিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারের হস্তক্ষেপ প্রয়োজন। তাঁর দাবি, অতীতেও অন্য ভাষার ছবি মুক্তির সময় বাংলা ছবির হলসংখ্যা নিয়ে সমস্যা হয়েছে। তবে সেক্ষেত্রেও অনেক বেশি শো পাওয়া গিয়েছিল। সেখানে ‘মায়া সত্য ভ্রম’-এর মাত্র তিনটি শো পাওয়াকে তিনি অত্যন্ত হতাশাজনক বলে মনে করছেন। এই লাইভের কমেন্ট বক্সে প্রযোজক রানা সরকারও বিষয়টি নিয়ে মন্তব্য করেন। তিনি জানান, পশ্চিমবঙ্গ সরকারের এ বিষয়ে নির্দিষ্ট গাইডলাইন রয়েছে এবং ছবির টিমকে তথ্য ও সংস্কৃতি দফতরের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
প্রসঙ্গত, গত বছর অগস্টে রাজ্য সরকারের তরফে সিনেমাহলে বাংলা ছবির প্রদর্শন নিয়ে একটি নির্দেশিকা জারি হয়েছিল বলে ছবির টিমের তরফে দাবি করা হয়েছে। সেখানে বছরের ৩৬৫ দিনই অন্তত একটি বাংলা ছবির শো রাখার কথা বলা হয়েছিল। ফলে প্রশ্ন উঠছে, সেই নির্দেশিকা এখনও কার্যকর থাকলে ‘মায়া সত্য ভ্রম’ কেন পর্যাপ্ত হল পাচ্ছে না?
এখন নজর থাকবে, মুক্তির আগে শেষ পর্যন্ত ছবিটির জন্য আরও হল বা শো বরাদ্দ হয় কি না। ‘টক্সিক’-এর মতো বড় বাজেটের ছবির সঙ্গে স্ক্রিন ভাগ করে নিতে গিয়ে স্বাধীন বাংলা ছবির প্রদর্শনী নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা আগামী দিনে কোন দিকে গড়ায়, সেটাই দেখার।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.