বলিউডে ফের শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় পরিচালক কুকু কোহলি। ৭৭ বছর বয়সে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ‘ফুল অউর কাঁটে’-খ্যাত পরিচালকের। তাঁর প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ বলিউড।
নব্বইয়ের দশকে অ্যাকশন ও বাণিজ্যিক ছবির জগতে নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন কুকু কোহলি। ১৯৯১ সালে ‘ফুল অউর কাঁটে’ ছবির হাত ধরে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এই ছবির মাধ্যমেই বলিউডে পা রাখেন অজয় দেবগন। ছবিতে অজয়ের সঙ্গে অভিনয় করেছিলেন মাধুরী, অমরীশ পুরী, অরুণা ইরানি ও জগদীপের মতো শিল্পীরা।
পরবর্তীতে ‘হকিকত’, ‘সুহাগ’, ‘জুলমি’, ‘আনাড়ি নম্বর ১’ এবং ‘ইয়ে দিল আশিকানা’-র মতো ছবি পরিচালনা করেন কুকু। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওহ তেরা নাম থা’ ছিল তাঁর পরিচালিত শেষ ছবি।
তবে কুকু কোহলির ব্যক্তিগত জীবনও ছিল নানা চর্চায় ঘেরা। তাঁর দ্বিতীয় স্ত্রী ছিলেন অভিনেত্রী অরুণা ইরানি। দু’জনের সম্পর্কের শুরু অবশ্য খুব একটা মসৃণ ছিল না। অরুণা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, একটি ছবির সেটে তাঁদের প্রথম আলাপ। সহ-অভিনেতা ধর্মেন্দ্র সেটে না আসা পর্যন্ত শুটিং শুরু না হওয়ায় তিনি প্রায়ই রেগে যেতেন। সেই সময় কুকুই তাঁকে শান্ত করতেন। ধীরে ধীরে সেই সম্পর্ক গড়ায় ভালোবাসায়।
কুকু ও অরুণা দু’জনেই পরিণত বয়সে বিয়ে করেছিলেন। তাঁদের কোনও সন্তান ছিল না। কুকুর প্রথম স্ত্রী রীতা কোহলির সঙ্গে বিবাহবিচ্ছেদ না হওয়ার বিষয়টিও তাঁদের সম্পর্ককে ঘিরে আলোচনায় এসেছিল। অরুণা সেই পরিস্থিতি মেনে নিয়েই কুকুর সঙ্গে সংসার করার সিদ্ধান্ত নেন।
সন্তান না নেওয়ার সিদ্ধান্তও ছিল তাঁদের দু’জনেরই। অরুণা জানিয়েছিলেন, তাঁর এক ঘনিষ্ঠ চিকিৎসক বন্ধুর পরামর্শে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। বয়সের বিষয়টিও বিবেচনায় রেখেছিলেন দু’জনে।
কুকু কোহলির মৃত্যুর পর তাই শুধু একজন প্রতিভাবান পরিচালককে হারানোর শোক নয়, অরুণা ইরানির জীবনেও নেমে এল এক কঠিন অধ্যায়। দীর্ঘদিনের সঙ্গীকে হারিয়ে এখন বৈধব্যের যন্ত্রণা নিয়েই পথ চলতে হবে অভিনেত্রীকে। কুকুর পরিচালিত ছবিগুলি এবং তাঁর সৃষ্ট চরিত্র ও গল্প অবশ্য বলিউডে তাঁর অবদানকে দীর্ঘদিন মনে করিয়ে দেবে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.