Recipe: শীতকাল মানেই বাজারে টাটকা সবজির সমাহার। আর এই মরশুমে বাজারে সহজেই পাওয়া যায় টকটকে লাল গাজর। গাজর দিয়ে হালুয়া, স্যালাড কিংবা তরকারি তো অনেকেই খেয়েছেন। কিন্তু কখনও কি গাজরের রুটি খেয়ে দেখেছেন? স্বাদে দারুণ এই পদটি তৈরি করাও বেশ সহজ। বাড়িতে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন স্বাস্থ্যকর ও সুস্বাদু গাজরের রুটি।
সকালের জলখাবার থেকে শুরু করে বিকেলের টিফিন কিংবা রাতের খাবার— সব সময়েই খেতে পারেন এই রুটি। বিশেষ বিষয় হল, এর জন্য আলাদা করে কোনও পুর তৈরি করতে হয় না। আটা মাখার সময়ই কুচনো গাজর ও প্রয়োজনীয় মশলা মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রুটির মণ্ড। গরম গরম গাজরের রুটি আচার, দই কিংবা পছন্দের সবজির সঙ্গে খেতে বেশ ভালো লাগে। তাহলে আর দেরি কেন? জেনে নিন সহজ এই রেসিপি।
গাজরের রুটি তৈরির উপকরণ
* গমের আটা – ৪ কাপ
* গাজর – ৩টি (খোসা ছাড়িয়ে কুচনো)
* জিরে গুঁড়ো – ১/২ চা চামচ
* লঙ্কার গুঁড়ো – ১/২ চা চামচ
* আজওয়াইন – পরিমাণমতো
* নুন – ১/২ চা চামচ
* হালকা গরম জল – প্রয়োজনমতো
* ঘি বা তেল – মণ্ড মাখার জন্য সামান্য
* ঘি – রুটিতে মাখানোর জন্য
* শুকনো ময়দা – রুটি বেলার জন্য
কীভাবে তৈরি করবেন গাজরের রুটি?
প্রথম ধাপ: প্রথমে একটি বড় পাত্রে গমের আটা ও কুচিয়ে রাখা গাজর নিয়ে নিন। এবার এর মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আজওয়াইন এবং পরিমাণমতো নুন দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিন।
দ্বিতীয় ধাপ: এরপর অল্প অল্প করে হালকা গরম জল মিশিয়ে নরম মণ্ড তৈরি করুন। একবারে বেশি জল দেবেন না। মণ্ড তৈরি হয়ে গেলে তার গায়ে সামান্য ঘি বা তেল মাখিয়ে পাত্রটি ঢেকে রাখুন। প্রায় ২০ মিনিট এভাবে রেখে দিন।
তৃতীয় ধাপ: ২০ মিনিট পর মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে গোল বলের আকার দিন। এবার বেলন ও বেলচাকিতে সামান্য শুকনো ময়দা ছড়িয়ে একটি একটি করে লেচি গোল রুটির আকারে বেলে নিন।
চতুর্থ ধাপ: একটি কড়াই বা তাওয়া গরম করে তার উপর বেলে রাখা রুটি দিন। দুই পিঠ ভালো করে সেঁকে নিন। এরপর রুটির গায়ে সামান্য ঘি মাখিয়ে আরও কিছুক্ষণ সেঁকতে থাকুন।
পঞ্চম ধাপ: রুটি ভালোভাবে সেঁকা হয়ে গেলে নামিয়ে নিন। একই পদ্ধতিতে বাকি লেচিগুলিও তৈরি করে ফেলুন। ব্যস, তৈরি হয়ে গেল গরম গরম সুস্বাদু গাজরের রুটি।
গাজরের রুটি বানানোর সময় যে বিষয়গুলি মাথায় রাখবেন
* গাজর ব্যবহারের আগে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। তারপর কুচিয়ে ব্যবহার করুন।
* মণ্ড মাখার সময় একসঙ্গে বেশি জল দেবেন না। অল্প অল্প করে জল মিশিয়ে প্রয়োজনমতো নরম মণ্ড তৈরি করুন।
* মণ্ড মাখার পর অন্তত ২০ মিনিট ঢাকা দিয়ে রাখুন। এতে রুটি বেলা সহজ হবে।
* রুটি সেঁকার সময় প্রয়োজনমতো অল্প ঘি ব্যবহার করুন।
* রুটি বেশি শুকনো করে ফেলবেন না, তাহলে খেতে শক্ত লাগতে পারে।
Recipe: কিমচি থেকে গিমবাপ, কোরীয় খাবারের প্রেমে মজেছে বাঙালি! কোন ৫ পদ এখন সবচেয়ে জনপ্রিয়?
শীতের মরশুমে একই ধরনের জলখাবার খেতে খেতে একঘেয়েমি চলে এলে একবার বাড়িতেই বানিয়ে ফেলুন গাজরের রুটি। সহজে তৈরি এই সুস্বাদু পদটি আচার, দই কিংবা পছন্দের সবজির সঙ্গে পরিবেশন করতে পারেন। সকালের খাবার থেকে রাতের ডিনার— সবেতেই জমে যাবে এই শীতের বিশেষ রেসিপি!
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.