এবার বড়দিনে চার্চ নয় বরং ভূতের হোটেলে নিয়ে যাবেন অভিনেত্রী মিমি চক্রবর্তী! এমনটাই আভাস দিলে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। আমরা সকলেই জানি বড়দিন উপলক্ষ্যে মানুষ বিভিন্ন চার্চ বা অনুষ্ঠানের জায়গায় যান। তবে হঠাৎ করে ভূতের হোটেলের কথা কেন বললেন তিনি?
আসলে বড়দিনে তার নতুন সিনেমা মুক্তি পেতে চলেছে। যার নাম ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। সম্প্রতি একগুচ্ছ ছবি পোস্ট করেছেন মিমি। যেখানে দেখা যাচ্ছে কখনো পাহাড়ের স্নিগ্ধ পরিবেশ উপভোগ করছেন আবার কখনো গাড়িতে বসে মোমো খাচ্ছেন। এরই মাঝে একটি ছবিতে তার হাতে এই সিনেমার স্ক্রিপ্ট দেখা যায়।
যার ওপরে লেখা, ‘আজ থেকে আমার নন্দিনীকে তোর হাতে তুলে দিলাম। আমার বিশ্বাস নন্দিনীকে তুই ছাড়া আর কেউ সামলাতে পারবে না। মিমিকে অরিত্র।’ এই স্ক্রিপ্ট মিমির হাতে তুলে দিয়েছেন সিনেমার পরিচালক অরিত্র মুখার্জি। গল্প লিখেছেন শিবপ্রসাদ মুখার্জির স্ত্রী জিনিয়া সেন।
অন্যদিকে চিত্রনাট্য এবং সংলাপের দায়িত্বে রয়েছেন জিনিয়া এবং গোধূলি শর্মা। সিনেমাটি প্রযোজনা করবেন শিবপ্রসাদ মুখার্জী এবং নন্দিতা রায়ের ‘উইন্ডোজ’। আর মিমি ছাড়াও সেখানে অভিনয় করতে দেখা যাবে বনি সেনগুপ্ত, কাঞ্চন মল্লিক প্রমুখদের। রবিবার থেকে উত্তরবঙ্গে শুরু হয়েছে সিনেমার শ্যুটিং।
যদিও সিনেমার কাহিনী সম্পর্কে এখনো সম্পূর্ণ ধারণা পাওয়া যায়নি। তবে জানা গিয়েছে একেবারে অন্য ধাঁচের ভুতুড়ে সিনেমা বানাতে চলেছে ‘উইন্ডোজ’। সেখানে মোট ছয়জন ভূতের কাহিনী সমান্তরালভাবে চলবে। উত্তরবঙ্গের বৃষ্টিভেজা রাস্তায় যে ইতিমধ্যেই জমে উঠেছে সিনেমার শ্যুটিং তারই ঝলক তুলে ধরেছেন মিমি।

Sudeshna has been writing entertainment reports since 2021.