Mimi: দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হলো অভিনেত্রী মিমি চক্রবর্তীর (Mimi)। নিজের প্রিয় লেখকের কাছ থেকে তাঁর প্রিয় গল্পগ্রন্থটিতে সই করিয়ে এনেছেন তিনি। ভাবছেন তো কোন বইয়ের কথা বলা হচ্ছে? সেটি হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জনপ্রিয় সৃষ্টি ‘গোঁসাইবাগানের ভূত’।
ছোট-বড় সবার কাছেই অত্যন্ত পরিচিত এই বইটি মিমিরও ভীষণ পছন্দের। সরাসরি লেখকের বাড়িতে গিয়ে তাঁর স্বাক্ষর সংগ্রহ করতে পেরে মিমি উচ্ছ্বসিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে তাঁর চোখে-মুখে সেই আনন্দের ঝিলিক স্পষ্ট ধরা পড়েছে।
ভিডিওটিতে বলছেন, “আমার দীর্ঘদিনের স্বপ্ন আজ সফল হলো। আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলাম এবং এই বইটিতে ওঁর সই করিয়ে এনেছি।” তবে এই অভিজ্ঞতায় মজার একটি ঘটনাও ঘটেছে। অভিনেত্রী যাওয়ার সময় বইটি সাথে নিতে ভুলে গিয়েছিলেন। সেই ত্রুটি সামলে নিয়েছেন তাঁর আগামী ছবির পরিচালক অরিত্র মুখোপাধ্যায়।
তিনি সঙ্গে করে বইটি নিয়ে গিয়েছিলেন, তাই বইটিতে এখন মিমি ও অরিত্র উভয়কেই উদ্দেশ্য করে লেখকের নাম লেখা রয়েছে। মিমির এই পোস্ট দেখে ভক্তরা তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন এবং এই প্রাপ্তির জন্য শুভকামনা জানিয়েছেন। স্বপ্ন পূরণের খবরের পাশাপাশি নিজের আসন্ন সিনেমা নিয়েও কথা বলেছেন মিমি।
আগামী ২৩শে জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। ইতিমধ্যেই সিনেমার প্রচার কাজ জোরকদমে সম্পন্ন হয়েছে এবং মুক্তি পেয়েছে একাধিক গান। ‘উইন্ডোজ প্রোডাকশন’-এর ব্যানারে এটি হতে যাচ্ছে তাদের প্রথম হরর-কমেডি ঘরানার ছবি। পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে একটি হোটেলকে ঘিরে, যা বদলে দেয় বেশ কিছু মানুষের জীবন।

Sudeshna has been writing entertainment reports since 2021.