বিগ বস বাংলার ঘরে ফাইনালের আগেই ঘটে গেল অঘটন। ফুটবল খেলতে গিয়ে অভিনেতা জীতু কমলের পায়ে লাগা বল সোজা গিয়ে আঘাত করল তনুশ্রী রায় দাসের চোখে। আচমকা এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। চোখে আঘাত পেয়ে যন্ত্রণায় কাতরে ওঠেন তনুশ্রী। যদিও কিছুক্ষণের মধ্যেই তাঁকে সামলে উঠতে দেখা যায়। ঠিক কী ঘটেছিল বিগ বসের ঘরে?
বিগ বস বাংলা সিজন ৩-এর ফাইনাল যত এগিয়ে আসছে, প্রতিযোগীদের মধ্যে উত্তেজনাও তত বাড়ছে। শেষ নমিনেশন পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে। ঝগড়া, মনোমালিন্য এবং নানা টানাপোড়েন পেরিয়ে এখন প্রত্যেকেই ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে ব্যস্ত। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে শোয়ের নতুন প্রোমো। আর সেখানেই দেখা গেল এক চাঞ্চল্যকর ঘটনা।
প্রোমো অনুযায়ী, প্রতিযোগীদের জন্য আয়োজন করা হয়েছিল ফুটবল খেলার বিশেষ টাস্ক। খেলা আরও আকর্ষণীয় করে তুলতে ছেলে ও মেয়েদের নিয়ে দুটি আলাদা দল তৈরি করা হয়। টাস্কের কথা শুনেই প্রতিযোগীদের মধ্যে উৎসাহ দেখা যায়। শুরুতে হাসি-মজার পরিবেশে খেলা চললেও ধীরে ধীরে জমে ওঠে প্রতিদ্বন্দ্বিতা। দুই দলই একে অপরকে টক্কর দিতে শুরু করে।
কিন্তু খেলার উত্তেজনার মাঝেই ঘটে যায় বিপত্তি। অভিনেতা জীতু কমলের পায়ে লাগা একটি ফুটবল আচমকাই ছিটকে গিয়ে সোজা আঘাত করে তনুশ্রী রায় দাসের চোখে। বলের ধাক্কায় যন্ত্রণায় কাতরে ওঠেন তিনি। চোখ চেপে ধরে মাঠের মধ্যেই বসে পড়েন তনুশ্রী। মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায় খেলা।
তনুশ্রীর এমন অবস্থা দেখে ছুটে আসেন বাড়ির অন্য সদস্যরা। সকলের চোখেমুখেই তখন উদ্বেগের ছাপ। তাঁর চোখে ও মুখে জল দিয়ে স্বস্তি দেওয়ার চেষ্টা করেন সহ-প্রতিযোগীরা। আচমকা এমন ঘটনায় কিছুক্ষণের জন্য বিগ বসের ঘরের আনন্দের পরিবেশ বদলে যায় আতঙ্কে। তবে প্রোমোয় দেখা যায়, পরবর্তীতে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠেন তনুশ্রী।
অন্যদিকে, ফাইনালের আগে প্রতিযোগীদের জন্য আরও কঠিন হয়ে উঠেছে টিকে থাকার লড়াই। চলতি সপ্তাহে মনোনয়নের তালিকায় রয়েছেন চারজন প্রতিযোগী। তাঁরা হলেন রাজবীর দে, সৃজলা গুহ, নিরঞ্জন মণ্ডল এবং তনুশ্রী রায় দাস। এই চারজনের মধ্যে শেষ পর্যন্ত কাকে ঘর ছাড়তে হবে, তা নিয়ে দর্শকদের মধ্যে জল্পনা তুঙ্গে।

সবচেয়ে বড় আকর্ষণ অবশ্য গ্র্যান্ড ফাইনাল। আগামী ৬ ডিসেম্বর সেরা পাঁচ প্রতিযোগীকে নিয়ে বসতে চলেছে বিগ বস বাংলার চূড়ান্ত আসর। কার হাতে উঠবে বিজয়ীর ট্রফি? শেষ পর্যন্ত কার স্বপ্ন পূরণ হবে? সেই উত্তর জানার অপেক্ষায় এখন শোয়ের অনুরাগীরা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019, I have also been writing about entertainment, lifestyle, and trending news.