‘বিগ বস বাংলা’র ঘরে বিতর্ক, ঝামেলা আর উত্তেজনার পারদ ক্রমশ চড়ছিল। অবশেষে কোনও আনুষ্ঠানিক মনোনয়ন ছাড়াই নিয়মভঙ্গের অভিযোগে শো থেকে বিদায় নিতে হয়েছে নন্দিনী দত্তকে। বিশেষ করে সহপ্রতিযোগী রাজবীর দে-র সঙ্গে তাঁর বিবাদ এবং গায়ে হাত তোলার অভিযোগ ঘিরে দর্শকদের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল। তবে শো থেকে বেরিয়ে এবার সেই বিতর্ক নিয়েই মুখ খুললেন নন্দিনী। জানালেন, বাড়ি ফেরার পর প্রথমেই রাজবীরের মা ও ভাইকে ফোন করে ক্ষমা চেয়েছেন তিনি।
টানা ৭০ দিন বিগ বসের ঘরে কাটানোর পর অবশেষে নিজের বাড়িতে ফিরেছেন নন্দিনী। বাড়ি ফিরে প্রথম দিনেই পছন্দের মটন, ভাত এবং বিরিয়ানি খেয়ে উপভোগ করেছেন পরিবারের সঙ্গে সময়। তবে বিগ বসের অভিজ্ঞতা থেকে বেরিয়ে এলেও রাজবীরকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এখনও তাঁর পিছু ছাড়ছে না।
এক সাক্ষাৎকারে নন্দিনী জানান, শো থেকে বেরিয়েই প্রথম ফোন করেছিলেন রাজবীরের মা ও ভাইকে। নিজের আচরণের জন্য তাঁদের কাছে ক্ষমাও চেয়েছেন। নন্দিনীর কথায়, তিনি ভুল করেছেন এবং সেই ভুলের শাস্তিও পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে ওঠা শারীরিক হেনস্থার অভিযোগের সঙ্গে একমত নন তিনি। তাঁর দাবি, রাজবীরের গায়ে হাত দিয়েছিলেন ঠিকই, কিন্তু বিষয়টিকে শারীরিক হেনস্থা বলা উচিত নয়। একইসঙ্গে তিনি স্পষ্ট করেছেন, নিজের আচরণের দায় স্বীকার করলেও প্রত্যেকের কাছে আলাদা করে জবাবদিহি করতে চান না।
রাজবীরের প্রতি অবশ্য কিছুটা অভিমানও রয়ে গিয়েছে নন্দিনীর। তাঁর মতে, রাজবীর আগে রিয়্যালিটি শো করেছেন এবং তাঁর অভিজ্ঞতাও বেশি। তাই পরিস্থিতি যখন উত্তপ্ত হয়ে উঠছিল, তখন রাজবীর যদি একবার তাঁকে সতর্ক করতেন, তা হলে হয়তো পরিস্থিতি এতটা খারাপ হত না। নন্দিনীর কথায়, ক্যামেরার সামনে দাঁড়িয়ে তাঁকে যদি রাজবীর একবার মনে করিয়ে দিতেন যে এটি তাঁর নিজের বাড়ি নয়, তাহলে তিনি নিজেকে সামলে নিতে পারতেন।
অন্যদিকে, বিগ বস থেকে আচমকা বিদায় নেওয়া নিয়ে বিশেষ কোনও আক্ষেপ নেই নন্দিনীর। বরং তিনি আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে তাঁকে শো ছাড়তে হতে পারে। তাঁর দাবি, রিয়্যালিটি শোয়ে টিআরপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো হোক কিংবা খারাপ, টিআরপির স্বার্থে তাঁকে ব্যবহার করা হয়েছে বলেই মনে করেন তিনি। তবে এই অভিজ্ঞতা নিয়ে তাঁর কোনও অভিযোগ নেই। বিগ বসের ঘরের জীবনকে সেনাবাহিনীর প্রশিক্ষণের সঙ্গে তুলনা করেছেন নন্দিনী। তাঁর কথায়, এই শো তাঁকে অনেক কিছু শিখিয়েছে। থালা মাজা, কাপড় কাচা থেকে শুরু করে বাথরুম পরিষ্কার করা—দৈনন্দিন জীবনের নানা কাজ করতে শিখেছেন তিনি।
শো থেকে বেরিয়ে যাওয়ার মুহূর্তের কথাও তুলে ধরেছেন নন্দিনী। তাঁর দাবি, সৌরভ গঙ্গোপাধ্যায় যখন তাঁকে বাড়ি ফিরে যেতে বলেন, তখন তিনি ঘরের বাকি প্রতিযোগীদের কাছে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু পরে নিজের সেই সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন উঠেছে তাঁর মনে। কেন সবার কাছে ক্ষমা চাইতে গেলেন, তা নিয়ে এখন আর কোনও আক্ষেপ রাখতে চান না তিনি। বরং তাঁর বক্তব্য, নন্দিনী যেমন জিততে জানেন, তেমনই হার মেনে নিতেও জানেন। শুধু রাজবীর নয়, বিগ বসের ঘরের অন্যান্য প্রতিযোগীদের নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন নন্দিনী। তাঁর চোখে ঘরের সবচেয়ে ভণ্ড বা ‘ফেক’ প্রতিযোগীদের তালিকায় রয়েছেন জিতু কমল এবং সৃজলা গুহ। বিশেষ করে সৃজলাকে কটাক্ষ করে তিনি জানিয়েছেন, সৃজলা একজন দারুণ অভিনেত্রী। তাঁর মতে, ক্যামেরার সামনে ভণ্ডামির অভিনয়ও বেশ ভালোভাবেই করতে পারেন তিনি।

সব মিলিয়ে বিগ বসের ঘর থেকে বেরিয়ে একদিকে নিজের ভুল স্বীকার করেছেন নন্দিনী, অন্যদিকে সহপ্রতিযোগীদের নিয়ে ক্ষোভও উগরে দিয়েছেন। আপাতত পুরনো বিতর্ক পিছনে ফেলে নতুন কাজের দিকে মন দিতে চান তিনি। তবে রাজবীরের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ আগামী দিনে কোন দিকে এগোয়, সেদিকেই নজর থাকবে দর্শকদের।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.