বাংলা চলচ্চিত্র জগতের পরিচিত অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী-র বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক প্রযোজক। অভিযোগ, সিনেমায় অভিনয়ের জন্য মোটা অঙ্কের অগ্রিম নেওয়ার পরেও নির্ধারিত সময়ে শুটিংয়ের ডেট দেননি অভিনেতা। এমনকি পরবর্তীতে টাকা ফেরতের দাবিও মানা হয়নি বলে দাবি অভিযোগকারীর।
অভিযোগকারী প্রযোজক তরুণ দাস, যিনি বালুরঘাটের মঙ্গলপুর এলাকার বাসিন্দা। তাঁর দাবি, ২০১৮ সালে একটি নতুন ছবির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য সোহম চক্রবর্তীর সঙ্গে চুক্তি হয়। সেই সময় অভিনেতাকে প্রায় ১৫ লক্ষ টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। প্রযোজকের বক্তব্য, ব্যাঙ্ক চেকের মাধ্যমে এই টাকা প্রদান করা হয়।
তরুণ দাসের অভিযোগ, টাকা নেওয়ার পর বারবার যোগাযোগ করা হলেও শুটিংয়ের জন্য কোনও নির্দিষ্ট ডেট দেননি অভিনেতা। ফলে ছবির কাজ শুরু করা সম্ভব হয়নি। দীর্ঘদিন অপেক্ষার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে করোনা মহামারির সময়। লকডাউন এবং আর্থিক ক্ষতির কারণে শেষ পর্যন্ত ছবির নির্মাণ কার্যত থমকে যায়।
প্রযোজকের দাবি, পরবর্তীতে আর্থিক সমস্যার মুখে পড়ে তিনি অন্তত টাকার একটি অংশ ফেরত চেয়েছিলেন। তাঁর কথায়, পুরো অর্থ না হলেও চার থেকে পাঁচ লক্ষ টাকা ফেরতের অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু সেই অনুরোধ মানা হয়নি বলেই অভিযোগ। উল্টে তাঁকে অপমান ও ভয় দেখানো হয়েছে বলেও দাবি করেছেন তরুণ দাস।
অভিযোগকারী আরও জানিয়েছেন, রাজনৈতিক পরিস্থিতির কারণে এতদিন তিনি থানায় অভিযোগ দায়ের করার সাহস পাননি। তবে বর্তমানে পরিস্থিতি বদলেছে বলে মনে করে আইনের দ্বারস্থ হয়েছেন তিনি। শুক্রবার বালুরঘাট থানায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়।
এই ঘটনায় এখনও পর্যন্ত অভিনেতা সোহম চক্রবর্তীর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে সূত্রের খবর।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.