রাখিপূর্ণিমায় উপহার হোক চেনা ছকের বাইরে, থাকুক ভালবাসার ছোঁয়া

রাখিপূর্ণিমা মানেই ভাই-বোনের ভালোবাসা, খুনসুটি, আড্ডা আর একসঙ্গে খাওয়াদাওয়া। রাখি পরানোর পাশাপাশি এই বিশেষ দিনে চলে উপহার বিনিময়ও। তবে প্রতি বছর একই ধরনের উপহার না দিয়ে এ বার একটু অন্যরকম কিছু বেছে নেওয়া যেতে পারে। উপহারের মধ্যে যদি মিশে থাকে ব্যক্তিগত স্মৃতি ও নিজের ভাবনা, তা হলে সেটি হয়ে উঠতে পারে আরও বিশেষ।
ভাই হোক বা বোন— দু’জনের জন্যই বেছে নেওয়া যায় এমন কিছু অভিনব উপহারের ভাবনা রইল।

স্মৃতির আলোয় সাজানো উপহার
ছোটবেলার ছবি, একসঙ্গে কাটানো কোনও বিশেষ মুহূর্ত কিংবা মজার কোনও স্মৃতি— সবই এবার জায়গা করে নিতে পারে উপহারে। ভাই-বোনের ছবি ব্যবহার করে তৈরি করা যায় এলইডি লাইট বা বিশেষ আলো। ছবির সঙ্গে জুড়ে দেওয়া যেতে পারে নাম কিংবা ছোট কোনও বার্তাও। ঘর সাজানোর পাশাপাশি এমন উপহার বার বার ফিরিয়ে নিয়ে যাবে পুরনো স্মৃতিতে।

স্মার্ট চার্জার
প্রযুক্তিপ্রেমী ভাই বা বোনের জন্য স্মার্ট চার্জার হতে পারে বেশ কাজের উপহার। ফোন ও স্মার্টওয়াচ চার্জ করার জন্য রয়েছে তারযুক্ত এবং তারহীন নানা ধরনের চার্জিং স্ট্যান্ড। আবার এমন কিছু মডেলও পাওয়া যায়, যা চার্জারের পাশাপাশি ল্যাম্পশেড বা ব্লুটুথ স্পিকার হিসেবেও ব্যবহার করা যায়। প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী বেছে নেওয়া যেতে পারে এমন উপহার।

ছবি আঁকা মাটির পাত্র
মাটির তৈরি জিনিসের প্রতি নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। মাটির কাপ, জগ কিংবা বোতলকে আরও ব্যক্তিগত করে তুলতে তাতে আঁকা যেতে পারে ভাই-বোনের ছবি। সঙ্গে লেখা যেতে পারে নাম বা কোনও বিশেষ তারিখ। ব্যবহারিক জিনিসের সঙ্গে স্মৃতির যোগ— এই দুইয়ের মেলবন্ধনেই তৈরি হতে পারে অনন্য উপহার।

নাম লেখা পাসপোর্ট কভার
ভ্রমণপ্রিয় ভাই বা বোনকে দেওয়া যেতে পারে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী তৈরি পাসপোর্ট কভার। তাতে থাকতে পারে নাম, ভ্রমণের ছবি কিংবা পছন্দের কোনও নকশা। ধাতব পাতের উপর নাম খোদাই করা বা নিজের পছন্দের কোনও বার্তা যুক্ত করেও তৈরি করা যায় বিশেষ কভার। ভ্রমণের সঙ্গী হিসেবে এমন উপহার দীর্ঘদিন ব্যবহার করা সম্ভব।

দূরে থাকলে উপহারের বাক্স
সব ভাই-বোনের পক্ষে রাখিপূর্ণিমায় একসঙ্গে থাকা সম্ভব হয় না। দূরে থাকা ভাই বা বোনের কাছে তাই পাঠানো যেতে পারে একটি সাজানো উপহারের বাক্স। তার মধ্যে থাকতে পারে রাখি, শুভেচ্ছা কার্ড, চকোলেট, কাজুবাদাম, কিশমিশ এবং অন্যান্য শুকনো ফল। নিজের হাতে বেছে নেওয়া জিনিস দিয়ে বাক্স সাজালে তার গুরুত্ব আরও বেড়ে যায়।

উল-সুতোর স্মৃতির উপহার
উল ও সুতো দিয়েও তৈরি করা যায় দারুণ কিছু স্মৃতির উপহার। ভাই-বোনের পুতুল, ফটো ফ্রেম কিংবা উলের তৈরি ফুল— এমন হাতে তৈরি জিনিস উপহারে আনতে পারে আলাদা আবেগ। ছোটবেলার স্মৃতিকে মনে করিয়ে দেওয়া এই ধরনের উপহার ঘর সাজানোর কাজেও ব্যবহার করা যায়।

ছবিতে বাঁধা থাক স্মৃতি
শৈশব থেকে বড় হয়ে ওঠার পথে ভাই-বোনের কত মুহূর্ত যে ক্যামেরাবন্দি হয়ে থাকে! সেই ছবিগুলিই সাজিয়ে তৈরি করা যেতে পারে একটি বিশেষ ফটো অ্যালবাম। ছোটবেলার ছবি থেকে শুরু করে সাম্প্রতিক কোনও বিশেষ মুহূর্ত— সব একসঙ্গে রাখলে অ্যালবামটি হয়ে উঠবে সম্পর্কের স্মৃতির ভাণ্ডার।

সকালে ২–৩টি তুলসীপাতা চিবিয়ে খেলে কী উপকার? হজম থেকে রক্তে শর্করা—জেনে নিন কী বলছে গবেষণা

রাখিপূর্ণিমার উপহার তাই শুধু দামি হলেই যে বিশেষ হবে, এমন নয়। উপহারের সঙ্গে জড়িয়ে থাকা ব্যক্তিগত স্মৃতি, যত্ন এবং ভালোবাসাই তাকে করে তুলতে পারে সত্যিকারের মূল্যবান। এ বার তাই চেনা উপহারের বদলে ভাই-বোনের সম্পর্কের গল্প বলে— এমন কিছুই বেছে নেওয়া যাক।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক