১৯৭৮ সালের ২১ মার্চ। বিশিষ্ট চিত্রপ্রযোজক রাম মুখোপাধ্যায় ও কৃষ্ণা মুখোপাধ্যায়ের পরিবারে জন্ম নেয় তাঁদের কন্যা রানি মুখোপাধ্যায়। তবে জন্মের পরই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। হাসপাতালের নার্সদের ভুলে কিছুক্ষণের জন্য অন্য পরিবারের সদ্যোজাত শিশুর সঙ্গে বদলে গিয়েছিলেন রানি!
রুটিন পরীক্ষার কথা বলে সদ্যোজাত রানিকে কেবিন থেকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু ভুলবশত তাঁকে পাশের একটি পঞ্জাবি দম্পতির কেবিনে শুইয়ে দেওয়া হয়। অন্যদিকে, কৃষ্ণা মুখোপাধ্যায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয় সেই পরিবারের সদ্যোজাত কন্যাকে।
কেবিনে অতিথিদের সঙ্গে কথাবার্তার মধ্যেই শিশুটিকে কোলে নেন কৃষ্ণা দেবী। কিন্তু এক ঝলক দেখেই তাঁর সন্দেহ হয়। তিনি বুঝতে পারেন, কোলে থাকা শিশুটি তাঁর মেয়ে নয়। কারণ, তিনি তাঁর সদ্যোজাত মেয়ের চোখের রং ভালো করে মনে রেখেছিলেন।
এরপরই হাসপাতালজুড়ে শুরু হয় তল্লাশি। চিকিৎসক ও নার্সরা একের পর এক কেবিনে খোঁজ করতে থাকেন। শেষ পর্যন্ত কৃষ্ণা মুখোপাধ্যায় নিজেই পাশের কেবিনে গিয়ে খুঁজে পান তাঁর মেয়েকে। সেখানেই ছিল তাঁর বাদামি চোখের ছোট্ট রানি।
কাকতালীয়ভাবে, যে পঞ্জাবি পরিবারের কেবিনে রানিকে পাওয়া গিয়েছিল, তাঁদেরও তখন অষ্টম কন্যাসন্তানের জন্ম হয়েছিল। ফলে ভুলটি আরও জটিল হয়ে উঠেছিল।
পরবর্তীকালে এক সাক্ষাৎকারে এই মজার স্মৃতির কথা নিজেই জানিয়েছিলেন রানি মুখোপাধ্যায়। অভিনেত্রী জানিয়েছিলেন, এই ঘটনা নিয়ে তাঁর পরিবারের সদস্যরা তাঁকে এখনও মজা করে বলেন—তিনি নাকি আসলে পঞ্জাবি পরিবারের মেয়ে, ভুল করে মুখোপাধ্যায় পরিবারে চলে এসেছিলেন!
সম্প্রতি রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায়ের প্রয়াণের পর তাঁর জীবনের নানা স্মৃতি ফের আলোচনায় এসেছে। সেই সূত্রেই নতুন করে চর্চায় এসেছে রানির জন্মের পর হাসপাতালের সেই অদ্ভুত শিশুবদলের ঘটনাও।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.