২০২০ সালে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর তদন্ত, অভিযোগ এবং গ্রেফতারির ঘটনায় বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছিল রিয়া চক্রবর্তী(Rhea Chakraborty)-র নাম। সেই ঘটনার প্রভাব শুধু অভিনেত্রীর ব্যক্তিগত জীবনেই সীমাবদ্ধ থাকেনি, তাঁর পরিবারের উপরও পড়েছিল বলে দাবি করেছেন রিয়া। সম্প্রতি ফরাহ খানের সঙ্গে কথোপকথনে সেই সময়ের একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন তিনি।
রিয়ার দাবি, তাঁর বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীও ওই সময় পেশাগত সমস্যার মুখে পড়েছিলেন। অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক ইন্দ্রজিৎ চিকিৎসা ক্ষেত্রেও কাজ করেছেন। অভিনেত্রীর বক্তব্য অনুযায়ী, একটি নামী হাসপাতালে ‘মেডিক্যাল সুপারিনটেনডেন্ট’ পদে কাজের সুযোগ পেয়েছিলেন তাঁর বাবা। কিন্তু হাসপাতালে তাঁর পরিচয় জানাজানি হওয়ার পর পরিস্থিতি বদলে যায়। রিয়ার দাবি, মেয়ের সঙ্গে সম্পর্ক এবং তাঁকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের কারণেই শেষ পর্যন্ত সেই চাকরি করা সম্ভব হয়নি তাঁর বাবার।
রিয়ার কথায়, সেই সময় তাঁদের পরিবারের প্রতিটি দিনই ছিল কঠিন পরীক্ষার মতো। সুশান্তের মৃত্যুর তদন্তকে কেন্দ্র করে তাঁকে নানা অভিযোগের মুখে পড়তে হয়েছিল। একই সময়ে তাঁর ভাই শৌভিক চক্রবর্তীকেও মাদক-সংক্রান্ত মামলায় গ্রেফতার করা হয়। তদন্তের সেই পর্বে পরিবারকে সামাজিক চাপের মধ্যেও পড়তে হয়েছিল বলে জানিয়েছেন অভিনেত্রী।
তবে সময়ের সঙ্গে তদন্তের ছবিতে পরিবর্তন এসেছে। সুশান্তের মৃত্যুর ঘটনায় দীর্ঘ তদন্তের পর ২০২৫ সালের মার্চে সিবিআই ক্লোজ়ার রিপোর্ট জমা দেয়। রিপোর্টে রিয়া-সহ অভিযুক্তদের বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা, বেআইনি ভাবে আটকে রাখা কিংবা তাঁর সম্পত্তির অপব্যবহারের মতো অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া যায়নি বলে জানানো হয়। যদিও সুশান্তের পরিবার সেই সিদ্ধান্ত মেনে নেয়নি এবং রিপোর্টকে চ্যালেঞ্জ করার কথা জানিয়েছিল।
রিয়ার কাছে অবশ্য তদন্তের আইনি পরিণতির পাশাপাশি গত কয়েক বছরের মানসিক অভিঘাতও গুরুত্বপূর্ণ। জেল-জীবন, জনসমক্ষে তাঁকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং সামাজিক দূরত্ব—সব মিলিয়ে সেই সময় তাঁর মানসিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব পড়েছিল বলে জানিয়েছেন অভিনেত্রী।
ধীরে ধীরে সেই কঠিন সময় পেরিয়ে ফের কাজের জগতে ফিরছেন রিয়া। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে ‘দ্য ট্রেটর্স’-এর দ্বিতীয় সিজ়নে। একই সঙ্গে নিজের জীবনের নতুন অধ্যায় নিয়েও প্রকাশ্যে কথা বলছেন তিনি। একসময় যে নামের সঙ্গে জড়িয়ে ছিল তদন্ত, অভিযোগ ও বিতর্ক, সেই রিয়াই এখন ধীরে ধীরে মূলস্রোতে ফেরার চেষ্টা করছেন।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.