বছরশেষে ৭ পাকে বাঁধা পড়বেন অনিরুদ্ধ-কাব্য? জল্পনা তুঙ্গে

দক্ষিণী সঙ্গীতজগতের জনপ্রিয় তারকা অনিরুদ্ধ রবিচন্দ্র এবং আইপিএল দল সানরাইজ়ার্স হায়দরাবাদের সিইও কাব্য মারানের সম্পর্ক ও বিয়ে নিয়ে জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছে। এ বার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে তাঁদের সম্ভাব্য বিয়ের তারিখ ও স্থান নিয়ে প্রকাশিত খবর।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১০ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসতে পারেন অনিরুদ্ধ ও কাব্য। তাঁদের বিয়ের আসর গ্রিসে বসতে পারে বলেও দাবি করা হয়েছে। তবে গ্রিসের ঠিক কোন জায়গায় অনুষ্ঠান হতে পারে, সে বিষয়ে এখনও কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। যদিও অনিরুদ্ধ বা কাব্য—কেউই এখনও পর্যন্ত বিয়ের তারিখ কিংবা স্থান আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেননি। ফলে ১০ নভেম্বরের খবর আপাতত জল্পনার পর্যায়েই রয়েছে।

অনিরুদ্ধ-কাব্যের বিয়ের গুঞ্জন নতুন নয়। চলতি বছরের জুন মাসে অনিরুদ্ধের আত্মীয়, বর্ষীয়ান অভিনেতা ওয়াইজি মহেন্দ্রের একটি মন্তব্যের পর তাঁদের বিয়ের খবর আরও জোরালো হয়। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, অনিরুদ্ধ খুব শীঘ্রই একটি বড়সড় বিয়ের অনুষ্ঠানে পা রাখতে চলেছেন। এমনকি পরিবারের তরফ থেকেই তিনি বিয়ের বিষয়টি নিশ্চিত ভাবে জানতে পেরেছেন বলেও দাবি করেছিলেন।

কাব্যের প্রশংসাও করেছিলেন মহেন্দ্র। তাঁর কথায়, কাব্য কোনও সাধারণ মেয়ে নন। সানরাইজ়ার্স হায়দরাবাদের মতো একটি বড় আইপিএল দল সামলানোর দক্ষতা তাঁর রয়েছে। কাব্যের মধ্যে বাবা কলানীতি মারানের ব্যবসায়িক দক্ষতার প্রতিফলনও রয়েছে বলে মন্তব্য করেছিলেন তিনি। অনিরুদ্ধ-কাব্য জুটিকে তাঁর পছন্দের কথাও জানিয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা।

তবে এর আগে বিয়ের গুঞ্জনকে সরাসরি খারিজ করেছিলেন অনিরুদ্ধ। ২০২৫ সালের জুনে সমাজমাধ্যমে তাঁদের বিয়ে নিয়ে খবর ছড়িয়ে পড়লে তিনি লিখেছিলেন, “বিয়ে? শান্ত হও বন্ধুরা। গুজব ছড়ানো বন্ধ করো।” যদিও সেই সময় কাব্যের সঙ্গে তাঁর সম্পর্কের জল্পনা সরাসরি অস্বীকার করেননি তিনি।

অনিরুদ্ধ ও কাব্যের সম্পর্ক নিয়ে নানা সময়ে নানা খবর প্রকাশ্যে এসেছে। ২০২৫ সালে দাবি করা হয়েছিল, এক বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। এমনকি রজনীকান্ত কাব্যের বাবা কলানীতি মারানের সঙ্গে দেখা করে তাঁদের বিয়ে নিয়ে আলোচনা করেছেন—এমন খবরও ছড়িয়েছিল। যদিও সেই খবরেরও কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ মেলেনি।

এ বারও অনিরুদ্ধ বা কাব্য তাঁদের বিয়ে নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। ফলে ১০ নভেম্বর গ্রিসে তাঁদের বিয়ের খবর সত্যি কি না, তা জানার জন্য আপাতত আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষাতেই অনুরাগীরা।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক