‘ধর্ম নিয়ে উসকানি দিইনি, রাজ্যও বেচিনি’, ১৫ লক্ষ টাকা ‘ঘুষ’ বিতর্কে মুখ খুললেন আরজে প্রিয়াঙ্কা

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের রাজনৈতিক যোগ এবং তাঁদের পিছনে অর্থ খরচের অভিযোগ ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নির্বাচনের আগে বাংলার নেটপ্রভাবীদের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে বিজেপির জমা দেওয়া একটি রিপোর্ট প্রকাশ্যে আসার পরই বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়। সেই তালিকায় আরজে প্রিয়াঙ্কার নাম উঠে আসায় তাঁকেও কটাক্ষের মুখে পড়তে হয়েছে।

এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন শিলিগুড়ির প্রিয়াঙ্কা। তাঁর দাবি, তিনি কখনও এমন কোনও ভিডিও তৈরি করেননি যেখানে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলা হয়েছে বা কোনও রাজনৈতিক দলকে সমর্থন কিংবা বিরোধিতা করা হয়েছে।

প্রিয়াঙ্কা বলেন, “১৫ লাখ, ১৫ লাখ লিখে কমেন্ট সেকশন ভরিয়ে দেওয়া লোকদের কাছে জানতে চাই, আপনারা কি জানেন আমার কোন পোস্ট বা ভিডিওতে বিজেপিকে হাইলাইট করা হয়েছে? কোথাও কি তৃণমূলকে খারাপ মন্তব্য করা হয়েছে? কিংবা ভোটপ্রচার করা হয়েছে? আমার সেরকম কোনও ভিডিও দেখেছেন?”

তিনি আরও জানান, ‘বিকশিত ভারত’ কর্মসূচির জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বন্দে ভারত ট্রেন চালুর সময়ও তিনি একটি ভিডিও করেছিলেন। সেখানে ট্রেনের সুযোগ-সুবিধা, বৈশিষ্ট্য এবং বাজেট নিয়ে কথা বলা হয়েছিল বলে দাবি তাঁর।

টাকার বিনিময়ে রাজনৈতিক প্রচারের অভিযোগ প্রসঙ্গে প্রিয়াঙ্কার প্রশ্ন, “আমি কারও কাছে ঘুষ নিয়েছি? না চুরি করেছি? লোকে এমন বলছে যেন রাজ্য বেচে দিয়েছি!” তাঁর দাবি, সংশ্লিষ্ট ভিডিওতে কাউকে উসকানি দেওয়া হয়নি, কারও ভাবমূর্তি নষ্ট করা হয়নি এবং কোনও রাজনৈতিক দলের নামও নেওয়া হয়নি।

অমিত শাহর সঙ্গে তাঁর একটি ভাইরাল ছবি নিয়েও ব্যাখ্যা দিয়েছেন প্রিয়াঙ্কা। তাঁর দাবি, ছবিটি নির্বাচনের পর জুন মাসের এবং ‘বিকশিত ভারত’ কর্মসূচিতে আমন্ত্রণ পাওয়ার সূত্রেই সেই ছবি তোলা হয়েছিল। প্রিয়াঙ্কা আরও বলেন, “কোনও ধর্ম নিয়েও কিছু বলিনি। আমি আমার সীমারেখা জানি, তাই অতটুকুই করেছি যতটুকু করলে কারও ক্ষতি হবে না।” পাশাপাশি তিনি জানান, এখনও পর্যন্ত বেটিং অ্যাপ বা গেমিং অ্যাপের প্রচারও করেননি।

তবে ‘১৫ লক্ষ টাকা’ নিয়ে যে দাবি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, সেই অঙ্কটি সঠিক নয় বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা। তিনি টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার না করলেও ঠিক কত টাকা পেয়েছেন, তা প্রকাশ করেননি। ফলে তাঁর বক্তব্যের পরেও বিষয়টি নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক