টেলিপাড়ায় ফের খুশির খবর। অভিনেত্রী সোহিনী সরকারের পর এবার মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য(Roshni Bhattacharya)। সম্প্রতি স্বামী তূর্য সেনের সঙ্গে জীবনের বিশেষ মুহূর্ত উদযাপন করলেন রোশনি। ঘরোয়া আয়োজনে পালিত হল তাঁর ৯ মাসের সাধের অনুষ্ঠান। মজার বিষয়, সোহিনীর মা হওয়ার খবর প্রকাশ্যে আসার দিনই সাধ খেলেন রোশনি।
সাধের অনুষ্ঠানে রোশনির সাজে ছিল বাঙালিয়ানার ছোঁয়া। মেরুন ও লালের মিশেলে এমব্রয়ডারি করা সিল্কের শাড়ি পরেছিলেন তিনি। সঙ্গে ছিল লাল ব্লাউজ, খোলা চুল এবং হালকা সোনার গয়না। অন্যদিকে, স্ত্রীর সঙ্গে রঙ মিলিয়ে মেরুন কারুকার্যময় সুতির পাঞ্জাবিতে সেজেছিলেন তূর্য। অনুষ্ঠানের বেশ কিছু মুহূর্তে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। স্বামীর ভালোবাসা আর পরিবারের আশীর্বাদে বিশেষ দিনটি উপভোগ করেছেন হবু মা রোশনি।
তূর্যর হাতে খেলেন সাধ, মেনুতে ছিল এলাহি আয়োজন
সাধের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল খাবারের আয়োজন। ঐতিহ্যবাহী কাঁসার থালায় সাজানো হয়েছিল একাধিক বাঙালি পদ। তূর্য নিজের হাতে রোশনিকে খাবার খাইয়ে দেন। সেই মুহূর্তের ছবি ও ভিডিও ইতিমধ্যেই নজর কেড়েছে অনুরাগীদের। মেনুতে শুরুতেই ছিল গরম ভাত ও ফুলকো লুচি। সঙ্গে ছোলার ডাল এবং মোট ৯ রকমের ভাজা। আমিষ পদেও ছিল বেশ বৈচিত্র্য। পাতে ছিল মুচমুচে ফিশ ফ্রাই, পার্শে মাছের পদ এবং কষা মাংস। শেষে চাটনি, পাপড়, দই এবং নানা ধরনের মিষ্টি দিয়ে হয় মিষ্টিমুখ।
স্বামীর হাত থেকে আদর করে সাধের খাবার খাওয়ার সময় রোশনির মুখের হাসিই যেন বলে দিচ্ছিল তাঁর আনন্দের কথা।
দুর্গাপুজো কাটাবেন পরিবারের সঙ্গে
নতুন অতিথির আগমনের অপেক্ষায় এখন দিন গুনছেন রোশনি ও তূর্য। পুজোর পরেই তাঁদের সংসারে আসতে পারে নতুন সদস্য। তাই এবারের দুর্গাপুজোও পরিবারের সঙ্গে কিছুটা নিশ্চিন্তে ও রিল্যাক্স করে কাটানোর পরিকল্পনা রয়েছে তাঁদের। সহকর্মী সোহিনী সরকারের মাতৃত্বের খবর পেয়েও রোশনি তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। সোহিনীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “একটা ছোট্ট হাত এসে গিয়েছে সোহিনীদির হাত ধরতে।”
২০২২ সালে বিয়ে, এবার দুই থেকে তিন
২০২২ সালে সামাজিকভাবে বিয়ে করেছিলেন রোশনি ভট্টাচার্য ও তূর্য সেন। বিয়ের চার বছর পর এবার তাঁদের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। তূর্য পেশায় ব্যবসায়ী এবং বিনোদন জগতের সঙ্গে তাঁর সরাসরি কোনও যোগ নেই। স্বামীকে নিয়ে বিভিন্ন সময়ে কটাক্ষের মুখে পড়লেও নিজেদের জীবন নিজেদের মতো করেই উপভোগ করেছেন রোশনি ও তূর্য। এবার তাঁদের জীবনের নতুন অধ্যায়ের অপেক্ষায় পরিবার ও অনুরাগীরা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.