পুরনো প্রেমের স্মৃতি কি ইচ্ছাকৃতভাবেই উসকে দিলেন পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী? করবা চৌথের বিশেষ দিনে সলমন খান ও ঐশ্বর্যা রাই বচ্চনের একগুচ্ছ পুরনো ছবি সমাজমাধ্যমে পোস্ট করতেই শুরু হয়েছে জোর চর্চা। ছবিগুলি ঘিরে নস্টালজিয়ায় ভাসছেন অনুরাগীদের একাংশ। আবার অন্য একটি অংশের প্রশ্ন, দুই তারকার অতীত সম্পর্ককে এভাবে সামনে আনার প্রয়োজন কী ছিল? সব মিলিয়ে বিতর্কে জড়িয়েছে ভন্সালীর প্রযোজনা সংস্থা।
১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত ছবি ‘হম দিল দে চুকে সনম’। এই ছবিতে প্রথমবার দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল সলমন খান ও ঐশ্বর্যা রাই বচ্চনের জুটি। ছবির জনপ্রিয় গান ‘চাঁদ ছুপা বাদল মে’ আজও দর্শকের কাছে সমান প্রিয়। বিশেষ করে সেই গানের করবা চৌথের দৃশ্য আজও অনেকের মনে গেঁথে রয়েছে। আর করবা চৌথের দিন সেই ছবিরই কয়েকটি দৃশ্য তুলে ধরে ভন্সালীর প্রযোজনা সংস্থার সমাজমাধ্যমের পাতা। ছবিগুলির সঙ্গে লেখা হয়, ‘কিছু ছবি, কিছু স্মৃতি আর ভালবাসার এক সুন্দর কাহিনি! করবা চৌথের শুভেচ্ছা।’ এই ক্যাপশন ঘিরেই শুরু হয় নানা জল্পনা।
সমাজমাধ্যমে একাধিক ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, সলমনকে কি কোনও বিশেষ বার্তা দিতেই এমন পোস্ট? কেউ কেউ আবার পরিচালকের এই পদক্ষেপকে মজার ছলে কটাক্ষ করেছেন। এক জনের মন্তব্য, ভন্সালী কি সলমনকে বিদ্রুপ করলেন? অন্য এক জনের কথায়, যা এত দিন কেউ করতে পারেননি, ভন্সালী সেটাই করে দেখালেন। কেউ আবার সলমনের পরিচিত সংলাপের ভঙ্গিতে লিখেছেন, ‘ভন্সালী, ইটস ডান ব্রো!’ তবে এই পোস্টে খুশি নন সলমন ও ঐশ্বর্যার বহু অনুরাগী। তাঁদের মতে, দুই তারকার পুরনো সম্পর্কের স্মৃতি এভাবে সামনে এনে তাঁদের অস্বস্তিতে ফেলা ঠিক হয়নি। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, পুরনো সম্পর্কের প্রসঙ্গ টেনে এনে এমন মশকরা করার প্রয়োজনই বা কী ছিল? যদিও অন্য একাংশের কাছে ছবিগুলি নিছকই নস্টালজিয়ার উপকরণ।
উল্লেখ্য, ‘হম দিল দে চুকে সনম’-এর শুটিং চলাকালীনই সলমন খান ও ঐশ্বর্যা রাই বচ্চনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল বলে জানা যায়। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর ২০০২ সালে বিচ্ছেদ হয় তাঁদের। সেই বিচ্ছেদ নিয়ে সে সময়ে বলিউডে কম আলোচনা হয়নি।
বর্তমানে দু’জনের জীবন সম্পূর্ণ আলাদা পথে এগিয়েছে। সলমন খান এখনও অবিবাহিত। অন্যদিকে, ২০০৭ সালে অভিনেতা অভিষেক বচ্চনকে বিয়ে করেন ঐশ্বর্যা। তাঁদের এক কন্যাসন্তানও রয়েছে। পুরনো সেই প্রেমের স্মৃতি করবা চৌথের দিনে নতুন করে সামনে আসতেই এখন বলিউডের অন্দরে শুরু হয়েছে আলোচনা।


Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.